জনপ্রিয়তার ধারাবাহিকতায় এবার নাটকের গানে অভিষেক হলো সংগীতশিল্পী সজীব শানের। তাঁর কণ্ঠে প্রকাশিত ‘মন বাড়ি’ গানটি ইতোমধ্যে শ্রোতা-দর্শকদের মধ্যে সাড়া ফেলেছে।
২১ আগস্ট সিএমভির ইউটিউব চ্যানেলে প্রকাশিত গানটি ইমরাউল রাফাত পরিচালিত নাটক ‘মনের মতো মন’-এর অংশ। গানটির দৃশ্যায়নে অভিনয় করেছেন নাটকটির প্রধান দুই শিল্পী ইয়াশ রোহান ও নাজনীন নীহা। গানটি লিখেছেন, সুর করেছেন ও সংগীতায়োজন করেছেন রোহান রাজ।
সজীব শান বলেন, এর আগে তাঁর কণ্ঠে প্রায় দুই শতাধিক মৌলিক গান প্রকাশিত হয়েছে। সেসবের অনেকগুলোই মিলিয়ন ভিউ পেয়েছে। তবে ‘মন বাড়ি’ তাঁর প্রথম নাটকের গান হওয়ায় এটির প্রতি আলাদা আবেগ কাজ করছে।
তিনি বলেন, গানটি প্রকাশের পর দর্শক-শ্রোতাদের কাছ থেকে যে সাড়া পাচ্ছেন, তাতে তিনি আনন্দিত ও উচ্ছ্বসিত। গানটি গাওয়ার সুযোগ দেওয়ায় রোহান রাজ, পরিচালক ইমরাউল রাফাত, ইয়াশ রোহান ও নাজনীন নীহার প্রতি কৃতজ্ঞতাও জানান তিনি।
নাটকের গল্প ও দৃশ্যের সঙ্গে সামঞ্জস্য রেখে গানটি তৈরি হয়েছে উল্লেখ করে সজীব শান আশা প্রকাশ করেন, ‘মন বাড়ি’ তাঁকে সংগীতজীবনের নতুন একটি দ্বার উন্মোচন করে দেবে।
মানিকগঞ্জের ঘিওর উপজেলার বীর সিংজুরী গ্রামের সজীব শানের সংগীতজীবনের শুরু ওস্তাদ ইমরান সাফির হাত ধরে। তাঁর প্রকাশিত গানগুলোর মধ্যে ‘মন মিললে মেলা’, ‘মনের কথা কইয়ো গোপনে’, ‘সুখ গুলা মোর লইয়া গেলি’, ‘সোনা দানা টাকা কড়ি’ ও ‘আপন আমি ছিলাম না তোর’সহ বেশ কয়েকটি গান শ্রোতাদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে।
তাঁর ৪০টিরও বেশি গান মিলিয়ন ভিউ অতিক্রম করেছে বলে জানা যায়। সালমা, তসিবা, সাদিয়া মৌরী ও সানজিদা রিমার সঙ্গে দ্বৈত গানও গেয়েছেন তিনি।
২০১৫ সালে সিংজুরী ইউনিয়ন উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি এবং এম রাশেদ খান টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ থেকে এইচএসসি সম্পন্ন করেন সজীব শান। পরবর্তীতে পারিবারিক আর্থিক সংকটের কারণে অনার্স পর্যায়ে তাঁর পড়াশোনা বন্ধ হয়ে যায়। সংগীতকেই পেশা হিসেবে বেছে নিয়ে ধীরে ধীরে নিজের অবস্থান তৈরি করেন তিনি।
‘মন বাড়ি’ গানটি সজীব শানের সংগীতজীবনে নতুন অধ্যায়ের সূচনা করেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
প্রতিবেদকের নাম 




















