যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীন জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) গঠিত বাংলাদেশ আর্চারি ফেডারেশনের নতুন অ্যাডহক কমিটিতে যুগ্ম সম্পাদক (জয়েন্ট সেক্রেটারি) হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. রুবেল হোসেন।
গত ১৮ জুলাই জাতীয় ক্রীড়া পরিষদের নির্বাহী পরিচালকের স্বাক্ষরিত এক আদেশে বাংলাদেশ আর্চারি ফেডারেশনের নতুন অ্যাডহক কমিটি ঘোষণা করা হয়।
সাবেক এই আর্চার বর্তমানে একজন ব্যবসায়ী ও ক্রীড়া সংগঠক। খেলোয়াড়ি জীবনে তিনি ২০০৪ সালে অনুষ্ঠিত প্রথম জাতীয় আর্চারি চ্যাম্পিয়নশিপে রৌপ্য পদক অর্জন করেন। এছাড়া ২০০৬ সালে ঢাকার বিকেএসপিতে অনুষ্ঠিত প্রথম সাউথ এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জজয়ী বাংলাদেশ দলের সদস্য ছিলেন।
খেলোয়াড়ি জীবন শেষে তিনি উদ্যোক্তা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন। পাশাপাশি দেশের আর্চারির উন্নয়ন ও সংগঠক হিসেবে দীর্ঘদিন কাজ করে আসছেন। তাঁর খেলোয়াড়ি অভিজ্ঞতা, সাংগঠনিক দক্ষতা এবং ক্রীড়ার প্রতি অবদানের স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ আর্চারি ফেডারেশনের যুগ্ম সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়েছে।
দায়িত্ব গ্রহণের পর রুবেল হোসেন বলেন, “আর্চারি আমার আবেগ, আমার পরিচয়ের একটি গুরুত্বপূর্ণ অংশ। একজন খেলোয়াড় হিসেবে যে শিক্ষা পেয়েছি এবং একজন উদ্যোক্তা হিসেবে যে অভিজ্ঞতা অর্জন করেছি, তা দেশের আর্চারির উন্নয়নে কাজে লাগাতে চাই। এই দায়িত্ব আমার জন্য যেমন সম্মানের, তেমনি বড় একটি দায়িত্বও।”
তিনি জানান, দেশের আর্চারিকে আরও শক্তিশালী করা, নতুন প্রতিভা তৈরি, আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের সাফল্য বৃদ্ধি এবং আধুনিক ও স্বচ্ছ ক্রীড়া প্রশাসন গড়ে তোলার লক্ষ্যে তিনি কাজ করবেন।
প্রতিবেদকের নাম 
























