সামাজিক অনুষ্ঠানে বিপুল অর্থের অপচয় রোধে বিদেশের আদলে বাংলাদেশেও কঠোর অতিথি নিয়ন্ত্রণ ব্যবস্থা চালুর প্রস্তাব দিয়েছেন লক্ষ্মীপুর-১ আসনের সংসদ সদস্য ও বিএনপি নেতা মো. শাহাদাত হোসেন।
রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত ‘জাতীয় বাজেট ২০২৬-২৭’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এ প্রস্তাব উত্থাপন করেন।
মো. শাহাদাত হোসেন বলেন, দেশের বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে, বিশেষ করে বিয়ে-শাদীতে বিত্তশালীদের অতিরিক্ত অর্থ ব্যয়ের প্রবণতা উদ্বেগজনক। অনেক ক্ষেত্রে গায়ে হলুদের অনুষ্ঠানকে ঘিরে দীর্ঘদিন ধরে নাচ-গানের মহড়া চলে, যেখানে বিপুল পরিমাণ অর্থ ব্যয় হয়।
তিনি বলেন, এসব অনুষ্ঠানে বিপুলসংখ্যক মানুষের অংশগ্রহণের কারণে খাদ্যেরও ব্যাপক অপচয় ঘটে। এই ধরনের সামাজিক অপচয় নিয়ন্ত্রণে কার্যকর উদ্যোগ নেওয়া প্রয়োজন।
সংসদ সদস্য আরও বলেন, অতীতে দেশে অতিথি নিয়ন্ত্রণ সংক্রান্ত একটি আইন ছিল, যেখানে ১০০ জনের বেশি অতিথি উপস্থিত থাকলে বিশেষ কর আরোপের বিধান ছিল। বর্তমান অর্থনৈতিক বাস্তবতায় সেই ধারণাকে নতুনভাবে বিবেচনার প্রস্তাব করে তিনি বলেন, বিয়ের অনুষ্ঠানে ১০০ জনের বেশি অতিথি হলে অতিরিক্ত প্রতি অতিথির জন্য এক হাজার টাকা হারে কর নির্ধারণ করা যেতে পারে।
তার মতে, বিত্তশালীদের বিয়ে ও সামাজিক অনুষ্ঠানে অতিরিক্ত ব্যয় ও আড়ম্বর কমানো গেলে বাজারে ভোগ্যপণ্যের ওপর চাপও কিছুটা কমতে পারে।
প্রতিবেদকের নাম 




















