কলম্বিয়ার রাজধানী বোগোতাসহ দেশটির বিভিন্ন এলাকায় শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ৬ দশমিক ৭ বলে জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স। তবে তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
সোমবার (১০ আগস্ট) স্থানীয় সময় সকালে ভূমিকম্পটি আঘাত হানে। এর কম্পন বোগোতা ছাড়িয়ে ভেনেজুয়েলা সীমান্তবর্তী এলাকাতেও অনুভূত হয়েছে বলে প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে।
কলম্বিয়ার ভূমিকম্প পর্যবেক্ষণকারী সংস্থা জিওলজিক্যাল সার্ভিস জানিয়েছে, দেশটির প্রশান্ত মহাসাগরীয় উপকূলঘেঁষা চোকো প্রদেশে ভূমিকম্পটির উৎপত্তি।
তবে দেশটির জাতীয় দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনা শাখা (ইউএনজিআরডি) জানিয়েছে, ভূমিকম্পটির মাত্রা ছিল ৬ দশমিক ৬। সংস্থাটির তথ্য অনুযায়ী, ভূপৃষ্ঠ থেকে প্রায় ৭৯ কিলোমিটার গভীরে এর উৎপত্তি হয় এবং কেন্দ্র ছিল সান হোসে দেল পালমার শহরের কাছে।
ভূমিকম্পের পর সম্ভাব্য ক্ষয়ক্ষতির তথ্য সংগ্রহে স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখছে ইউএনজিআরডি। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে সংস্থাটি জানিয়েছে, পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে।
শক্তিশালী কম্পন অনুভূত হলেও এখন পর্যন্ত কলম্বিয়ার কোনো এলাকায় প্রাণহানি বা উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি।
প্রতিবেদকের নাম 




















