ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল এলাকায় বিশেষ অভিযান চালিয়ে কথিত দালাল চক্রের ১৪ সদস্যকে আটক করেছে র্যাব-১৪। রোগী ও তাদের স্বজনদের বিভিন্ন প্রলোভন দেখিয়ে প্রতারণা এবং বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে যাওয়ার অভিযোগে তাদের আটক করা হয়।
বৃহস্পতিবার (১৬ জুলাই) হাসপাতাল চত্বরে পরিচালিত এ অভিযানে র্যাব-১৪-এর একটি দল অংশ নেয়।
র্যাব জানায়, দীর্ঘদিন ধরে একটি সংঘবদ্ধ চক্র হাসপাতালের অসহায় ও দরিদ্র রোগীদের টার্গেট করে চিকিৎসার নামে বিভ্রান্ত করছিল। পরে রোগীদের বিভিন্ন বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে গিয়ে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত করার অভিযোগ পাওয়া যায়।
রোগী ও স্বজনদের একাধিক অভিযোগের ভিত্তিতে গোয়েন্দা নজরদারি চালিয়ে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে দালাল চক্রের ১৪ সদস্যকে আটক করা হয়েছে।
র্যাবের প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, আটক ব্যক্তিদের মধ্যে চারজন এর আগেও একই ধরনের অভিযোগে দুইবার করে আটক হয়েছিল। তবে আইনগত প্রক্রিয়া শেষে মুক্তি পেয়ে তারা আবারও একই কর্মকাণ্ডে জড়িয়ে পড়ে বলে অভিযোগ রয়েছে।
র্যাব-১৪ জানিয়েছে, আটক ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। পাশাপাশি সরকারি হাসপাতাল এলাকায় রোগী ও স্বজনদের নিরাপদ ও হয়রানিমুক্ত চিকিৎসাসেবা নিশ্চিত করতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এদিকে র্যাব সাধারণ মানুষকে হাসপাতাল এলাকায় কোনো অপরিচিত ব্যক্তি বা দালালের প্রলোভনে বিভ্রান্ত না হয়ে প্রয়োজনীয় চিকিৎসাসেবার জন্য হাসপাতাল কর্তৃপক্ষের নির্ধারিত তথ্যকেন্দ্র বা সংশ্লিষ্ট চিকিৎসকদের সঙ্গে যোগাযোগ করার আহ্বান জানিয়েছে।
প্রতিবেদকের নাম 
















