কুষ্টিয়ার দৌলতপুরে খড় ও ঘাস দিয়ে ঢাকা অবস্থায় এক অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। স্থানীয় এক কৃষক মাঠে যাওয়ার পথে কয়েকটি শিয়ালকে খড়ের নিচে থাকা কিছু একটা নিয়ে টানাটানি করতে দেখে কাছে গেলে মরদেহটির সন্ধান পান।
বুধবার (৩০ সেপ্টেম্বর) সকাল সোয়া ৬টার দিকে উপজেলার পিয়ারপুর ইউনিয়নের কামালপুর সাতবিল এলাকায় ইট বিছানো সড়কের পাশের মাঠ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সকালে কৃষক সানাউল্লাহ মাঠে কাজ করতে যাচ্ছিলেন। নির্জন সড়ক দিয়ে যাওয়ার সময় তিনি দেখতে পান, কয়েকটি শিয়াল একটি বস্তু নিয়ে টানাটানি করছে। তিনি কাছে এগিয়ে গেলে শিয়ালগুলো পালিয়ে যায়। পরে খড় ও ঘাস সরিয়ে তিনি দেখতে পান, সেখানে এক যুবকের মরদেহ পড়ে আছে।
বিষয়টি দেখে সানাউল্লাহ চিৎকার দিলে আশপাশের মাঠে থাকা অন্য কৃষকেরা সেখানে ছুটে আসেন। পরে খবর পেয়ে দৌলতপুর থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
দৌলতপুর থানার ওসি খালেদুর রহমান বলেন, মরদেহটি আনুমানিক দুই থেকে তিন দিনের পুরোনো বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। মরদেহের মুখমণ্ডলসহ শরীরের কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
পুলিশ জানায়, পরিচয় শনাক্ত ও মৃত্যুর কারণ জানতে ঝিনাইদহ থেকে সিআইডির ক্রাইমসিন টিমকে ঘটনাস্থলে তলব করা হয়েছে।
কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার (ভেড়ামারা সার্কেল) দেলোয়ার হোসেন বলেন, স্থানীয় লোকজনের ভাষ্য অনুযায়ী, শিয়ালের টানাটানির কারণে খড়ের নিচে থাকা মরদেহটি বাইরে বেরিয়ে আসে। পরে তারা সেটি দেখে পুলিশকে খবর দেন। নিহতের পরিচয় শনাক্তসহ পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
প্রতিবেদকের নাম 



















