
বিয়ের মাত্র চার মাস পর বাবার বাড়িতে প্রথম দুর্গাপূজা উদ্যাপন করতে এসেছিলেন তন্নি দে (২০)। বিজয়া দশমীতে ননদের সঙ্গে প্রতিমা বিসর্জনস্থলে গিয়ে সিঁদুর খেলার অনুষ্ঠানে অংশ নেন তিনি। এ সময় হঠাৎ বুকে ব্যথা অনুভব করে অসুস্থ হয়ে পড়েন। পরে তাঁর মৃত্যু হয়।
বুধবার (২১ অক্টোবর) সন্ধ্যায় সাতক্ষীরার তালা উপজেলার পাটকেলঘাটা থানার কুমিরা বাসস্ট্যান্ডসংলগ্ন সার্বজনীন প্রতিমা বিসর্জনস্থলে এ ঘটনা ঘটে। নববধূর আকস্মিক মৃত্যুতে কুমিরা গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।
তন্নি দে কুমিরা গ্রামের মহাদেব দের মেয়ে। চার মাস আগে যশোরের কেশবপুর উপজেলার এক যুবকের সঙ্গে তাঁর বিয়ে হয়। বিয়ের পর বাবার বাড়িতে এটাই ছিল তাঁর প্রথম দুর্গাপূজা।
স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শীরা জানান, বিজয়া দশমীর সন্ধ্যায় ননদের সঙ্গে বিসর্জনস্থলে যান তন্নি। সেখানে সিঁদুর খেলা ও প্রতিমার কপালে সিঁদুর দেওয়ার আনুষ্ঠানিকতায় অংশ নেন তিনি। একপর্যায়ে হঠাৎ বুকে ব্যথা অনুভব করে মাটিতে লুটিয়ে পড়েন। উপস্থিত স্বজন ও স্থানীয়রা তাঁকে উদ্ধারের চেষ্টা করলেও শেষ পর্যন্ত বাঁচানো সম্ভব হয়নি।
তন্নির মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে বিসর্জনস্থলের উৎসবমুখর পরিবেশ শোকে স্তব্ধ হয়ে যায়। মেয়েকে হারিয়ে শোকে ভেঙে পড়েন বাবা মহাদেব দেসহ পরিবারের সদস্যরা।
তালা উপজেলা পূজা উদ্যাপন কমিটির সাধারণ সম্পাদক নারায়ণ মজুমদার ও স্থানীয় সূত্রে তন্নির মৃত্যুর বিষয়টি জানা গেছে।
পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফাজ্জল হোসেন জানান, নববধূর আকস্মিক মৃত্যুর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, তন্নি হঠাৎ বুকে ব্যথা অনুভব করে অসুস্থ হয়ে পড়েছিলেন।
পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ বা সন্দেহ না থাকায় তাঁদের লিখিত আবেদনের পরিপ্রেক্ষিতে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
প্রতিবেদকের নাম 
























