আবাসন, শ্রম ও সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনের অভিযোগে এক সপ্তাহে ১০ হাজার ৭৮৩ জনকে গ্রেপ্তার করেছে সৌদি আরবের নিরাপত্তা বাহিনী। একই সময়ে এসব আইন লঙ্ঘনের দায়ে ১১ হাজার ৯১৫ জনকে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে।
শনিবার (২১ নভেম্বর) সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
মন্ত্রণালয় জানায়, গত ১২ থেকে ১৮ নভেম্বর পর্যন্ত দেশটির বিভিন্ন অঞ্চলে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। আটক ব্যক্তিদের মধ্যে ৫ হাজার ৭১৮ জন আবাসন আইন, ২ হাজার ৭৯৭ জন সীমান্ত নিরাপত্তা বিধি এবং ২ হাজার ২৬৮ জন শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে গ্রেপ্তার হয়েছেন।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্যমতে, আবাসন, শ্রম ও সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনের অভিযোগে বর্তমানে ৪০ হাজার ৯৪১ জন প্রবাসীর বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলছে। তাঁদের মধ্যে ৩৮ হাজার ৭৩০ জন পুরুষ এবং ২ হাজার ২১১ জন নারী।
এদিকে, ভ্রমণসংক্রান্ত নথিপত্র সংগ্রহের জন্য ২৩ হাজার ২৫০ জনকে নিজ নিজ দেশের কূটনৈতিক মিশনে পাঠানো হয়েছে। দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া সম্পন্ন করতে আরও ১০ হাজার ৮১৪ জনকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।
অন্যদিকে, সীমান্ত পেরিয়ে অবৈধভাবে সৌদি আরবে প্রবেশের চেষ্টাকালে ১ হাজার ৩৭৩ জনকে আটক করেছে নিরাপত্তা বাহিনী। অবৈধভাবে দেশটি ত্যাগের চেষ্টার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে আরও ২৮ জনকে।
এ ছাড়া আবাসন, শ্রম ও সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনকারীদের পরিবহন, আশ্রয় দেওয়া কিংবা কাজে নিয়োগের অভিযোগে ১৪ জনকে গ্রেপ্তার করেছে কর্তৃপক্ষ।
প্রতিবেদকের নাম 























