বাসাবাড়ির বর্জ্য অপসারণে অবহেলা, অতিরিক্ত অর্থ আদায় বা যেকোনো ধরনের অনিয়ম প্রমাণিত হলে সংশ্লিষ্ট ঠিকাদারের টেন্ডার বাতিল করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. আবদুস সালাম।
শনিবার (৪ জুলাই) সকালে রাজধানীর শান্তিনগর বাজারে আয়োজিত ‘ক্লিনিং ডে’ কর্মসূচিতে তিনি এ কথা বলেন।
ডিএসসিসি প্রশাসক জানান, বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে পাওয়া অভিযোগ তদন্তে সত্যতা মিললে সংশ্লিষ্ট ঠিকাদারের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। ভবিষ্যতে তারা আর কোনো টেন্ডারে অংশ নেওয়ার সুযোগও পাবেন না।
তিনি আরও বলেন, নগরকে পরিচ্ছন্ন রাখতে মার্কেট কর্তৃপক্ষ ও হকারদের নির্ধারিত সময়ের মধ্যে নির্ধারিত স্থানে বর্জ্য ফেলতে হবে। এ কাজে নগরবাসীর সহযোগিতাও কামনা করেন তিনি।
ডেঙ্গু পরিস্থিতি নিয়ে আবদুস সালাম জানান, ডিএসসিসির বিভিন্ন ওয়ার্ডে পরিচালিত জরিপে প্রায় ৬৫ শতাংশ বাসাবাড়িতে এডিস মশার লার্ভা পাওয়া গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে নতুন ওষুধ ও লার্ভানাশক ট্যাবলেট ব্যবহার করা হচ্ছে। পাশাপাশি ডেঙ্গু রোগীদের চিকিৎসা নিশ্চিত করতে হাসপাতালগুলোকে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
এ সময় পরিবেশের ভারসাম্য রক্ষায় নগরবাসীকে বেশি বেশি গাছ লাগানোর আহ্বানও জানান ডিএসসিসি প্রশাসক।
প্রতিবেদকের নাম 




















