ফেনীতে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় বাখরাবাদ গ্যাস সিস্টেম লিমিটেডের সাবেক বিক্রয় সহকারী খালেদ সাইফুল্লাহ টিপুকে ৮ বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ১ লাখ টাকা অর্থদণ্ড করা হয়েছে। জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড ভোগ করতে হবে। এছাড়া তার জ্ঞাত আয়বহির্ভূত অর্জিত ৩৮ লাখ ৪৭ হাজার ৫৮৮ টাকা মূল্যের সম্পদ রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্তের নির্দেশ দেওয়া হয়েছে।
রোববার (১২ জুলাই) নোয়াখালীর বিশেষ জজ আদালতের বিচারক মো. শওকত আলী এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত খালেদ সাইফুল্লাহ টিপু ফেনীর সোনাগাজী উপজেলার বক্তারমুন্সী রাজাপুর এলাকার বাসিন্দা।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) তথ্যমতে, ২০০০ সালের ২৩ নভেম্বর থেকে ২০০৪ সালের ১৪ জুলাই পর্যন্ত বাখরাবাদ গ্যাস সিস্টেম লিমিটেডের গৌরীপুর কার্যালয়ে কর্মরত থাকাকালে তিনি বিপুল পরিমাণ সম্পদ অর্জন করেন। তদন্তে দেখা যায়, জমি কেনা, বাড়ি ও তিনতলা মার্কেট নির্মাণে ঘোষিত ব্যয়ের সঙ্গে প্রকৃত ব্যয়ের বড় ধরনের অসঙ্গতি রয়েছে। বিশেষ করে বাড়ি নির্মাণে প্রায় ২৬ লাখ ৮৯ হাজার ৬০৮ টাকার বৈধ উৎস দেখাতে পারেননি তিনি।
দুদকের তদন্তে বাড়ি, মার্কেট ও অন্যান্য সম্পদের হিসাব পর্যালোচনা করে ৩৮ লাখ ৪৭ হাজার ৫৮৮ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের প্রমাণ পাওয়া যায়। তদন্ত শেষে তার বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়।
দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আদালত দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৬(২) ধারায় ৩ বছরের কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা এবং ২৭(১) ধারায় ৫ বছরের কারাদণ্ড ও আরও ৫০ হাজার টাকা জরিমানা করেন। দুই ধারার সাজা মিলিয়ে তার মোট কারাদণ্ড ৮ বছর।
রায় ঘোষণার সময় খালেদ সাইফুল্লাহ টিপু আদালতে উপস্থিত ছিলেন। পরে আদালতের নির্দেশে তাকে কারাগারে পাঠানো হয়।
প্রতিবেদকের নাম 




















