
অভিনয়ে কিছুটা অনিয়মিত থাকলেও ক্যামেরার পেছনে ব্যস্ত সময় পার করছেন শবনম বুবলী। প্রযোজক হিসেবে যাত্রা শুরুর পর এবার গায়িকা হিসেবেও নতুন পরিচয়ে দর্শকের সামনে আসতে যাচ্ছেন তিনি। ‘ঢাকাইয়া দেবদাস’ সিনেমায় প্লেব্যাকের মাধ্যমে চলচ্চিত্রের গানে অভিষেক হতে যাচ্ছে এই অভিনেত্রীর।
সিনেমাটির পরিচালক জাহিদ হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, গানটি নিয়ে বুবলীর সঙ্গে আলোচনা হয়েছে এবং গাওয়ার প্রস্তাবে সম্মতিও দিয়েছেন তিনি। কবির বকুলের লেখা গানটির রেকর্ডিং আগামী ডিসেম্বরে করার পরিকল্পনা রয়েছে।
বুবলীকে দিয়ে প্লেব্যাক করানোর ভাবনা প্রসঙ্গে পরিচালক বলেন, সিনেমায় বেশ কিছু রিচুয়াল গান রয়েছে। শুটিংয়ের সময় ডেমো গান শুনে বুবলীর ভালো লাগে। তখনই তাকে গানগুলোতে কণ্ঠ দেওয়ার প্রস্তাব দেওয়া হয়। এর আগে তার ‘মাতৃত্ব’ সিনেমার রিচুয়াল গানে কণ্ঠ দিয়েছিলেন মৌসুমী। সেই অভিজ্ঞতা থেকেই বুবলীর কণ্ঠে গানগুলো ভালো লাগবে বলে মনে হয়েছে পরিচালকের।
রিচুয়াল গানের পাশাপাশি বুবলীকে দিয়ে একটি পূর্ণাঙ্গ মৌলিক গান করানোর পরিকল্পনাও করেছেন নির্মাতা। এ প্রস্তাবেও সম্মতি দিয়েছেন অভিনেত্রী। গান তৈরির কাজ প্রায় শেষ, আগামী ডিসেম্বরে এর রেকর্ডিং হওয়ার কথা রয়েছে।
এর আগে প্রযোজক হিসেবে বুবলীর প্রতিষ্ঠান ‘বিগ প্রোডাকশন’ নির্মাণ করেছে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘ঠিকানা’। তাহসিন রিফাতের চিত্রনাট্য ও মুরসালিন সরকারের পরিচালনায় নির্মিত ছবিটি আগামী ৯ জানুয়ারি শুরু হতে যাওয়া ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ২৫তম আসরের ‘প্যানোরামা ট্যালেন্ট’ বিভাগে জায়গা পেয়েছে।
পুরান ঢাকার মানুষ, সমাজ ও সংস্কৃতিকে কেন্দ্র করে নির্মিত হচ্ছে ‘ঢাকাইয়া দেবদাস’। প্রেমের গল্পের মধ্য দিয়ে এতে তুলে ধরা হবে পুরান ঢাকার ঐতিহ্য ও জীবনযাপন। সিনেমাটিতে বুবলীর বিপরীতে অভিনয় করছেন আদর আজাদ। এই জুটির এটি চতুর্থ সিনেমা। আরও অভিনয় করছেন তারিক আনাম খান, শহীদুজ্জামান সেলিম ও রাশেদ মামুন অপু।
মাতৃত্বকালীন ছুটিতে যাওয়ার আগে গত জানুয়ারিতে সাকরাইন উৎসবের সময় সিনেমাটির প্রথম লটের শুটিংয়ে অংশ নিয়েছিলেন বুবলী। পরিচালক জানিয়েছেন, আগামী ১৫ জানুয়ারি থেকে পুরান ঢাকায় শুরু হতে যাওয়া নতুন লটের শুটিংয়ের মধ্য দিয়ে আবারও ক্যামেরার সামনে ফিরবেন তিনি।
প্রতিবেদকের নাম 




















