মিয়ানমারে অন্তত ১০ হাজার রোহিঙ্গাকে হত্যা, যৌন সহিংসতা ও গণউচ্ছেদের প্রমাণ উঠে এসেছে আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) ঐতিহাসিক রায়ে। দীর্ঘ সাত বছরের বিচারপ্রক্রিয়া শেষে ঘোষিত এ রায়ে সন্তোষ প্রকাশ করেছেন কক্সবাজারের আশ্রয়শিবিরে থাকা রোহিঙ্গারা। এখন রায়ের ভিত্তিতে কার্যকর পদক্ষেপ চান তাঁরা।
রায় ঘোষণা উপলক্ষে বৃহস্পতিবার উখিয়ার বিভিন্ন ক্যাম্পের অনেক রোহিঙ্গা রোজা রাখেন। মসজিদে বিশেষ মোনাজাতের আয়োজন করা হয়। ঐতিহাসিক রায় ঘোষণার মুহূর্ত সরাসরি দেখার জন্য ১৫ নম্বর ক্যাম্পের সিআইসি মাঠে বড় পর্দার ব্যবস্থা করে ইউনাইটেড কাউন্সিল অব রোহিঙ্গা (ইউসিআর) নামের একটি সংগঠন।
একজন রোহিঙ্গা বলেন, পৃথিবীর যেসব মানুষ জুলুমের শিকার হন, তাঁদের জন্য এ রায় দৃষ্টান্ত হয়ে থাকবে। এ রায় থেকে শিক্ষা নেওয়া যাবে।
আরেকজন বলেন, তাঁরা মনে করেন, আজ সারা বিশ্বের রোহিঙ্গাদের জন্য বিশেষ আনন্দের দিন।
রোহিঙ্গাদের নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করে মিয়ানমারে ফিরিয়ে নেওয়ার আহ্বান জানিয়েছেন ইউসিআরের ভারপ্রাপ্ত সভাপতি কি মং।
সংগঠনটির প্রেসিডিয়াম সদস্য সৈয়দ উল্লাহ বলেন, মিয়ানমারের সেনাবাহিনী কী ধরনের নির্যাতন চালিয়েছে, তা আজকের রায়ে স্পষ্ট হয়েছে। তাঁর মতে, গণহত্যার মামলায় বিশ্বে এ ধরনের ঘোষণা এটাই প্রথম।
রায়ের ভিত্তিতে নিজ দেশে প্রত্যাবাসনসহ প্রয়োজনীয় পদক্ষেপ নিতে জাতিসংঘ, মানবাধিকার সংস্থা ও বিভিন্ন রাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছেন রোহিঙ্গারা।
প্রতিবেদকের নাম 
























