রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) জমে উঠেছে ‘সুপার সেল কার বাজার’। প্রতি শুক্রবার বসা এ গাড়ি কেনাবেচার আয়োজন গত ৯ সপ্তাহে দারুণ সাড়া পাওয়ার পর গতকাল দশম সপ্তাহে ক্রেতা ও দর্শনার্থীদের পদচারণে প্রাণবন্ত হয়ে ওঠে।
এক ছাদের নিচে নতুন, রিকন্ডিশন্ড ও ব্যবহৃত গাড়ি কেনাবেচার ব্যতিক্রমী এ আয়োজন শুরু হয় গত ৪ সেপ্টেম্বর থেকে। প্রতি শুক্রবার নিয়মিত বসছে এই বাজার। এখানে কোনো ঝক্কিঝামেলা ছাড়াই পছন্দের বাইক কিংবা গাড়ি কিনতে পারছেন ক্রেতারা। পাশাপাশি নিজের ব্যবহৃত বাইক বা চার চাকার গাড়িও বিক্রির সুযোগ রয়েছে।
এক জায়গায় সব ধরনের গাড়ি
উইজার্ড শোবিজ ও আইসিসিবির যৌথ উদ্যোগে আয়োজিত সুপার সেল কার বাজারে এক জায়গায় নতুন, রিকন্ডিশন্ড ও ব্যবহৃত গাড়ি কেনাবেচার সুযোগ পাচ্ছেন ক্রেতা-বিক্রেতারা।
প্রতি সপ্তাহে এ বাজারে যুক্ত হচ্ছে নতুন নতুন ব্র্যান্ড। কেউ বিক্রেতার সঙ্গে গাড়ির দাম নিয়ে দরদাম করছেন, আবার কেউ ব্যাংকের প্রতিনিধির কাছে জানতে চাইছেন গাড়ি কেনার জন্য কত টাকা ঋণ পাওয়া যাবে।
সব মিলিয়ে গাড়িপ্রেমী ও ক্রেতা-বিক্রেতাদের উৎসাহ-উদ্দীপনা এবং ব্যস্ততায় প্রাণবন্ত হয়ে উঠেছে বাজারটি। দেশের বিভিন্ন স্থান থেকে বিক্রেতারা তাঁদের গাড়ি নিয়ে এসেছেন। পাশাপাশি বিপুলসংখ্যক ক্রেতা ও দর্শনার্থীর সমাগম ঘটেছে।
আয়োজকদের ভাষ্য, সুপার সেল কার বাজারে এক ছাতার নিচে মিলছে সব ধরনের গাড়ি। সাধারণ শোরুম ঘুরে আলাদাভাবে গাড়ি দেখার পরিবর্তে ক্রেতারা একই জায়গায় নতুন, পুরোনো ও রিকন্ডিশন্ড গাড়ি দেখতে পারছেন। প্রায় ৫০টি শোরুম ঘুরে গাড়ি দেখার অভিজ্ঞতা এক জায়গায় বসেই পাচ্ছেন তাঁরা।
আধুনিক মার্কেটপ্লেসের চাহিদা পূরণে উদ্যোগ
আইসিসিবির ব্র্যান্ড অ্যান্ড মার্কেটিং ম্যানেজার মেহেদী হাসান মোল্লা বলেন, কার বাজারে বিপুলসংখ্যক দর্শনার্থী ও ক্রেতার সাড়া মিলছে। বাংলাদেশের অটোমোবাইল বাজারে ক্রমবর্ধমান চাহিদার সঙ্গে তাল মিলিয়ে নিয়মিত ও আধুনিক মার্কেটপ্লেসের প্রয়োজনীয়তা তৈরি হয়েছে।
তিনি বলেন, “‘সুপার সেল কার বাজার’ সেই চাহিদা পূরণে একটি সময়োপযোগী উদ্যোগ। এর মাধ্যমে ক্রেতারা এক জায়গায় বিভিন্ন ব্র্যান্ড ও মডেলের যানবাহন সম্পর্কে জানার এবং তুলনা করার সুযোগ পাচ্ছেন।”
প্রতিবেদকের নাম 


























