চলমান বন্যা ও প্রাকৃতিক দুর্যোগের মধ্যে এইচএসসি পরীক্ষা নিয়ে সৃষ্ট জটিলতার প্রেক্ষাপটে আন্দোলনরত শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগী হওয়ার আহ্বান জানিয়েছেন শিক্ষা ও প্রাথমিক গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেছেন, পরীক্ষার্থীদের চেয়েও সরকার সুষ্ঠুভাবে পরীক্ষা সম্পন্ন করা এবং তাদের স্বার্থ রক্ষার বিষয়ে বেশি উদ্বিগ্ন।
মঙ্গলবার (১৪ জুলাই) জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে সংসদ সদস্য শফিকুল ইসলাম মাসুদ-এর এক সম্পূরক প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী এসব কথা বলেন। ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে অধিবেশন অনুষ্ঠিত হয়।
শিক্ষামন্ত্রী বলেন, “শিক্ষার্থীদের প্রতি আমার অনুরোধ, তারা যেন পড়ার টেবিলে ফিরে যায়। যেসব কেন্দ্রে ভুল-ত্রুটি বা সমস্যা হয়েছে, সেখানে প্রয়োজনে পুনরায় পরীক্ষা নেওয়ার আইনি সুযোগ রয়েছে।”
তিনি জানান, বর্ষা মৌসুমে পরীক্ষা আয়োজন নিয়ে সরকার শুরু থেকেই সতর্ক ছিল। আবহাওয়া অনুকূলে থাকবে—এমন পূর্বাভাস পাওয়ার ভিত্তিতেই পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত হয়। তবে পরিস্থিতির অবনতি হলে শিক্ষা মন্ত্রণালয় সার্বক্ষণিকভাবে বিষয়টি পর্যবেক্ষণ করেছে।
মন্ত্রী বলেন, যেসব পরীক্ষাকেন্দ্রে পানি প্রবেশের খবর পাওয়া গেছে, সেখানে স্থানীয় প্রশাসনের সহায়তায় দ্রুত বিকল্প কেন্দ্রে পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করা হয়েছে।
কুমিল্লাসহ দেশের বিভিন্ন অঞ্চলের পরিস্থিতির উল্লেখ করে তিনি বলেন, কোথাও কোথাও পানি উঠলেও দ্রুত ব্যবস্থা নেওয়ায় পরীক্ষার্থীদের প্রয়োজনীয় সুবিধা নিশ্চিত করা সম্ভব হয়েছে। এরপরও যদি প্রশাসনিক গাফিলতির কারণে কোনো শিক্ষার্থী পরীক্ষা দিতে না পারে বা ক্ষতিগ্রস্ত হয়, তাহলে বিষয়টি যাচাই করে সেখানে পুনরায় পরীক্ষা নেওয়া হবে।
তিনি আরও জানান, সরকারের কাছে পর্যাপ্ত বিকল্প প্রশ্নপত্র প্রস্তুত রয়েছে। চট্টগ্রাম শিক্ষা বোর্ডে যেমন পরিস্থিতি বিবেচনায় বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে, তেমনি প্রয়োজন হলে অন্য ক্ষতিগ্রস্ত এলাকাতেও পুনঃপরীক্ষার ব্যবস্থা করা হবে।
শিক্ষার্থীদের আন্দোলনের পরিবর্তে পড়াশোনায় মনোযোগ দেওয়ার আহ্বান জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন, “শিক্ষার্থীরাই দেশের ভবিষ্যৎ। তাদের কোনোভাবেই অধিকার থেকে বঞ্চিত করা হবে না। যেকোনো প্রতিকূল পরিস্থিতি মোকাবিলায় প্রশাসন সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে কাজ করছে এবং শিক্ষার্থীদের ক্ষতি পুষিয়ে দিতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হবে।”
প্রতিবেদকের নাম 




















