ইরান পারমাণবিক অস্ত্রের অধিকারী হলে হরমুজ প্রণালিকে কাজে লাগিয়ে বিশ্বকে জিম্মি করার মতো পরিস্থিতি তৈরি হতে পারে বলে সতর্ক করেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন।
রুবিও বলেন, বর্তমানে হরমুজ প্রণালি খোলা রয়েছে। ইরানের তেল বাদ দিলে যুদ্ধ শুরুর আগের সময়ের কাছাকাছি পরিমাণ তেল এই পথ দিয়ে পরিবহন হচ্ছে বলেও দাবি করেন তিনি।
তবে ইরানের হাতে পারমাণবিক অস্ত্র গেলে পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন হয়ে যেতে পারে বলে মনে করেন রুবিও। তার ভাষ্য, তখন ইরান হরমুজ প্রণালির ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে সেখানে ‘টোল’ আরোপ করতে পারে এবং কোন দেশ জ্বালানি পাবে বা পাবে না, সে সিদ্ধান্ত নেওয়ার সক্ষমতা অর্জন করতে পারে।
এ ধরনের সম্ভাবনাকে ‘অগ্রহণযোগ্য ঝুঁকি’ হিসেবে উল্লেখ করেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। তার বক্তব্যে পারমাণবিক অস্ত্র ইস্যুর সঙ্গে বৈশ্বিক জ্বালানি সরবরাহ ও হরমুজ প্রণালির গুরুত্বের বিষয়টি উঠে আসে।
সাক্ষাৎকারে ইরানের শাসনব্যবস্থা নিয়েও সমালোচনা করেন রুবিও। তার দাবি, দেশটির গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো এমন কিছু কট্টরপন্থি শিয়া ধর্মীয় নেতার হাতে, যাদের ভবিষ্যৎ নিয়ে ‘ধ্বংসাত্মক ও প্রলয়বাদী’ দৃষ্টিভঙ্গি রয়েছে।
রুবিও আরও অভিযোগ করেন, নিষেধাজ্ঞা থেকে পাওয়া অর্থসহ দেশটির বিভিন্ন অর্থনৈতিক কর্মকাণ্ডের আয় জনগণের জীবনমান উন্নয়নের পরিবর্তে অস্ত্র তৈরি ও নিজেদের বিপ্লবী আদর্শ ছড়িয়ে দেওয়ার কাজে ব্যবহার করা হয়।
এ ছাড়া ইরান হিজবুল্লাহ, হামাস ও ইরাকের শিয়া মিলিশিয়াদের অর্থায়ন করে বলেও অভিযোগ করেন তিনি। একই সঙ্গে সন্ত্রাসবাদ ও হত্যাচেষ্টায় পৃষ্ঠপোষকতার অভিযোগও তোলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী।
প্রতিবেদকের নাম 




















