সরকারের নাম ব্যবহার করে কেউ অনিয়ম বা অপকর্মে জড়ালে তাকে ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন। তিনি বলেছেন, এ ধরনের ঘটনায় আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিষয়টি নিয়ে তৎপর রয়েছে।
রোববার (২৭ সেপ্টেম্বর) প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদের অধিবেশনে অংশগ্রহণ শেষে দেশে ফেরার পর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক ব্রিফিংয়ে এসব কথা বলেন মাহদী আমিন। সাম্প্রতিক কয়েকটি হামলার প্রসঙ্গে প্রশ্নের জবাবে তিনি সরকারের অবস্থান তুলে ধরেন।
মাহদী আমিন বলেন, সরকারের নাম ভাঙিয়ে কেউ কোনো অপকর্ম করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। আইন নিজস্ব গতিতে চলবে এবং কাউকেই ছাড় দেওয়া হবে না।
প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর নিয়ে যা বললেন
প্রধানমন্ত্রী তারেক রহমানের যুক্তরাষ্ট্র সফর প্রসঙ্গে মাহদী আমিন বলেন, সফরের মাধ্যমে বাংলাদেশের বিভিন্ন সম্ভাবনা আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরা হয়েছে। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে প্রধানমন্ত্রীর বক্তব্যে কৃষি, প্রযুক্তি, নারী ও তরুণসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের বিষয় উঠে এসেছে বলে তিনি জানান।
জাতিসংঘ সফর নিয়ে এর আগেও মাহদী আমিন বলেছিলেন, প্রধানমন্ত্রী বিশ্বশান্তি, মানবাধিকার, গণতন্ত্র ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের বিষয়ে বক্তব্য দিয়েছেন।
বোয়িংয়ের সঙ্গে চুক্তি নিয়েও বক্তব্য
বোয়িংয়ের সঙ্গে বিমান কেনার চুক্তির বিষয়ে মাহদী আমিন বলেন, কোনো চাপের মুখে নয়, বরং দ্বিপক্ষীয় স্বার্থ বিবেচনায় নিয়েই চুক্তিটি করা হয়েছে। প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফরে দেশের স্বার্থকে অগ্রাধিকার দেওয়া হয়েছে বলেও দাবি করেন তিনি।
এর আগে পাঁচ দিনের নিউইয়র্ক সফরে ২৪ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের সাধারণ বিতর্কে ভাষণ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরকালে তিনি একাধিক সরকারি ও কূটনৈতিক কর্মসূচিতে অংশ নেন।
রোববার সকালে প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের বহনকারী বিমান হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। নিউইয়র্ক থেকে দুবাই হয়ে তারা ঢাকায় ফেরেন।
প্রতিবেদকের নাম 



















