মধ্যপ্রাচ্যের চলমান সংকট নিরসনে সংলাপ ও কূটনৈতিক আলোচনায় যুক্তরাষ্ট্র প্রস্তুত থাকলেও ইরান এখনো আন্তরিকভাবে আলোচনায় আগ্রহী নয় বলে মন্তব্য করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও।
বুধবার (২২ জুলাই) ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় আসিয়ান (আসিয়ান) পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকের ফাঁকে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
রুবিও বলেন, “ইরান যদি আন্তরিক হয়, আমরাও আন্তরিক। কিন্তু তারা যদি আলোচনায় আন্তরিক না হয়, তাহলে নিজেদের স্বার্থ এবং আমাদের মিত্রদের নিরাপত্তা রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ নেবে যুক্তরাষ্ট্র।”
তিনি আরও বলেন, হরমুজ প্রণালির ওপর ইরানের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা এবং আন্তর্জাতিক নৌপথ বন্ধ করে দেওয়ার পদক্ষেপ অত্যন্ত বিপজ্জনক। তার ভাষায়, এ ধরনের পরিস্থিতি শুধু মধ্যপ্রাচ্য নয়, এশিয়াসহ বিশ্বের বিভিন্ন অঞ্চলের অর্থনীতি ও বৈশ্বিক বাণিজ্যের ওপরও গুরুতর নেতিবাচক প্রভাব ফেলতে পারে।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর এ বক্তব্য এমন এক সময়ে এলো, যখন হরমুজ প্রণালিকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা আরও বেড়েছে। ফলে আন্তর্জাতিক নৌপথে জাহাজ চলাচল ও জ্বালানি সরবরাহ নিয়ে নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে।
এদিকে, একই বৈঠকে আসিয়ানভুক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা মধ্যপ্রাচ্যের নতুন সংঘাত নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন। তারা উত্তেজনা প্রশমনে দ্রুত কূটনৈতিক উদ্যোগ জোরদার এবং সংলাপের মাধ্যমে সংকট সমাধানের আহ্বান জানান।
সূত্র: টাইমস অব ইসরাইল।
প্রতিবেদকের নাম 























