পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ছুটির সময় দেশের ব্যাংকিং ও ডিজিটাল আর্থিক সেবা সচল রাখতে বিশেষ নির্দেশনা জারি করেছে বাংলাদেশ ব্যাংক।
বৃহস্পতিবার (২১ মে) বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে জারি করা সার্কুলারে বলা হয়, ছুটিকালীন সময়ে গ্রাহকদের নিরবচ্ছিন্ন সেবা নিশ্চিত করতে এটিএম, পয়েন্ট অব সেল (POS), কিউআর কোড, ইন্টারনেট ব্যাংকিং, অনলাইন পেমেন্ট গেটওয়ে এবং মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) সচল রাখতে হবে।
নির্দেশনায় আরও বলা হয়েছে, দেশের সব এটিএম বুথে সার্বক্ষণিক সেবা চালু রাখতে হবে এবং কোনো কারিগরি সমস্যা দেখা দিলে দ্রুত তা সমাধান করতে হবে। পাশাপাশি পর্যাপ্ত নগদ অর্থ সরবরাহ ও নিরাপত্তা নিশ্চিত করার কথাও বলা হয়েছে।
POS ও কিউআর কোডভিত্তিক লেনদেনও অব্যাহত রাখতে হবে। অনলাইন ব্যাংকিং ও ই-পেমেন্ট ব্যবস্থায় নিরাপত্তা জোরদারে টু-ফ্যাক্টর অথেনটিকেশন বাধ্যতামূলকভাবে কার্যকর করার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
এছাড়া মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) প্রতিষ্ঠানগুলোকে ঈদের সময় বাড়তি লেনদেনের চাপ সামলাতে পর্যাপ্ত প্রস্তুতি নেওয়া এবং এজেন্ট পর্যায়ে পর্যাপ্ত নগদ অর্থ সরবরাহ নিশ্চিত করতে বলা হয়েছে।
গ্রাহকসেবায় স্বচ্ছতা বজায় রাখতে সব ধরনের লেনদেনের তথ্য তাৎক্ষণিকভাবে এসএমএস অ্যালার্টের মাধ্যমে জানাতে এবং অভিযোগ নিষ্পত্তির জন্য সার্বক্ষণিক হেল্পলাইন চালু রাখার নির্দেশও দেওয়া হয়েছে।
বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, ডিজিটাল লেনদেনে প্রতারণা রোধ ও গ্রাহক সুরক্ষা নিশ্চিত করাই এ নির্দেশনার মূল উদ্দেশ্য।
প্রতিবেদকের নাম 




















