কক্সবাজারের উখিয়া উপজেলার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসের ঘটনায় একটি মাদ্রাসার অন্তত পাঁচ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও কয়েকজন শিক্ষার্থী নিখোঁজ রয়েছে বলে জানা গেছে। তাদের উদ্ধারে ফায়ার সার্ভিস ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ অভিযান চালিয়ে যাচ্ছে।
বুধবার (৮ জুলাই) দুপুর আড়াইটার দিকে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পের ৫ নম্বর ব্লকে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, পাহাড়ধসে একটি মাদ্রাসা চাপা পড়ে। ঘটনার সময় সেখানে প্রায় ৪০ জন শিক্ষার্থী অবস্থান করছিল। দুর্ঘটনার পরপরই স্থানীয়দের সহযোগিতায় উদ্ধার কার্যক্রম শুরু হয় এবং পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান পরিচালনা করে।
এ ঘটনায় এখন পর্যন্ত পাঁচ শিক্ষার্থীর মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে। এছাড়া আরও কয়েকজন শিক্ষার্থী নিখোঁজ থাকায় ধ্বংসস্তূপে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।
বিষয়টি নিশ্চিত করে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার (আরআরআরসি) মো. মিজানুর রহমান বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ও ফায়ার সার্ভিস উদ্ধারকাজ শুরু করেছে। তবে এখনো ঠিক কতজন নিখোঁজ রয়েছেন, তা নিশ্চিত করে বলা সম্ভব হয়নি।
প্রতিবেদকের নাম 





















