কুড়িগ্রাম প্রতিনিধি:
চলমান এইচএসসি ও সমমানের পরীক্ষা নির্বিঘ্ন, সুষ্ঠু ও স্বস্তিকর পরিবেশে সম্পন্ন করার লক্ষ্যে কুড়িগ্রামে পূর্বনির্ধারিত সাত দিনের পরিকল্পিত লোডশেডিং সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।
সোমবার (২৭ জুলাই) বিষয়টি নিশ্চিত করেছেন কুড়িগ্রাম-লালমনিরহাট পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার মো. শামীম পারভেজ।
এর আগে, প্রকল্প পরিচালক (প্রধান প্রকৌশলী) মো. আলমগীর হোসেন স্বাক্ষরিত এক জরুরি সীমিত পত্রে জানানো হয়েছিল, পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি (পিজিসিবি)-এর আওতাধীন পাওয়ার গ্রিড নেটওয়ার্ক স্ট্রেংথেনিং (জিটুজি) প্রকল্পের নির্মাণকাজের জন্য আগামী ২৯ জুলাই থেকে ৮ আগস্ট পর্যন্ত রংপুর-কুড়িগ্রাম, রংপুর-লালমনিরহাট এবং রংপুর-তারাগঞ্জ ১৩২ কেভি সঞ্চালন লাইনে পর্যায়ক্রমে শাটডাউন দেওয়া হবে। এর ফলে নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি (নেসকো)-এর আওতাধীন বিভিন্ন এলাকায় আংশিক লোডশেডিংয়ের সম্ভাবনা ছিল।
তবে এইচএসসি পরীক্ষা চলাকালে কোনো পরীক্ষাকেন্দ্রে বিদ্যুৎ বিভ্রাট যেন শিক্ষার্থীদের ভোগান্তির কারণ না হয়, সে বিষয়টি বিবেচনায় নিয়ে পরিকল্পিত লোডশেডিং আপাতত স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, পরীক্ষাকেন্দ্র এবং কেন্দ্র-সংলগ্ন এলাকায় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে বিদ্যুৎ বিভাগ, বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি), পল্লী বিদ্যুৎ সমিতি এবং সংশ্লিষ্ট বিতরণ সংস্থাগুলোকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। পাশাপাশি যেকোনো ধরনের বিদ্যুৎ বিভ্রাট দ্রুত সমাধানে জরুরি টিম প্রস্তুত রাখা হয়েছে।
এ বিষয়ে জেনারেল ম্যানেজার মো. শামীম পারভেজ বলেন, “গ্রীষ্মকালীন অতিরিক্ত বিদ্যুৎ চাহিদা ও জাতীয় গ্রিডের ওপর চাপ থাকলেও এইচএসসি পরীক্ষার্থীদের স্বার্থে পরিকল্পিত লোডশেডিং আপাতত স্থগিত রাখা হয়েছে। কোথাও অনাকাঙ্ক্ষিত কারিগরি ত্রুটি দেখা দিলে তা দ্রুত সমাধানের ব্যবস্থা নেওয়া হবে।”
প্রতিবেদকের নাম 


















