
আসন্ন এইচএসসি ও সমমানের পরীক্ষা সুষ্ঠু, স্বচ্ছ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সরকার সর্বোচ্চ প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
রোববার (২৮ জুন) সিলেট নগরীর জালালাবাদ গ্যাস ভবন অডিটোরিয়ামে এইচএসসি ও সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে সিলেট শিক্ষা বোর্ডসহ মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, শিক্ষা সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার। নকলমুক্ত ও স্বচ্ছ পরীক্ষা নিশ্চিত করতে প্রযুক্তির ব্যবহার, কঠোর নজরদারি এবং আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। পাশাপাশি প্রশ্নপত্র ফাঁসের গুজব ছড়ানো ও ভুয়া তথ্য প্রচারের বিরুদ্ধে সাইবার আইনে ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরও জানান, পরীক্ষাকেন্দ্রের নিরাপত্তায় আইনশৃঙ্খলা বাহিনী, শিক্ষা প্রশাসন ও কেন্দ্র কর্তৃপক্ষ সমন্বিতভাবে কাজ করবে। বহিরাগত প্রবেশ ঠেকাতে পুলিশ বডি ক্যামেরা ব্যবহার করবে এবং কেন্দ্রগুলো সিসিটিভির মাধ্যমে সার্বক্ষণিক পর্যবেক্ষণে থাকবে।
শিক্ষামন্ত্রী বলেন, ন্যায়সংগত মূল্যায়ন নিশ্চিত করতে উত্তরপত্র পুনর্মূল্যায়নের সুযোগ রাখা হয়েছে এবং পরীক্ষার মানদণ্ড আরও অভিন্ন ও স্বচ্ছ করার উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি আরও জানান, শিক্ষক সংকট নিরসন, শূন্য পদে নিয়োগ, মাদ্রাসা শিক্ষকদের বেতন জটিলতা সমাধানসহ শিক্ষা খাতের বিভিন্ন সমস্যা সমাধানে সরকার কাজ করছে।
সভায় বিভিন্ন শিক্ষা বোর্ড ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রতিবেদকের নাম 
























