শিক্ষকদের ডিজিটাল ডিভাইস দেওয়ার মাধ্যমে প্রযুক্তিনির্ভর পাঠদান আরও কার্যকর করতে ‘এক শিক্ষক, এক ট্যাব’ কর্মসূচি সক্রিয়ভাবে বিবেচনা করছে সরকার। তবে এখনো এ উদ্যোগের চূড়ান্ত অনুমোদন ও অর্থায়ন হয়নি বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) জাতীয় সংসদে চট্টগ্রাম-১২ আসনের সরকারি দলের সদস্য মোহাম্মদ এনামুল হকের এক লিখিত প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী এ তথ্য জানান।
অনুমোদন ও অর্থায়ন না হওয়া পর্যন্ত নির্দিষ্ট তারিখ নয়
শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষকদের প্রশিক্ষণের পাশাপাশি ডিজিটাল ডিভাইস দেওয়ার মাধ্যমে আধুনিক ও প্রযুক্তিনির্ভর পাঠদান নিশ্চিত করতে ‘এক শিক্ষক, এক ট্যাব’ ধারণাটি সরকার সক্রিয়ভাবে বিবেচনা করছে।
তবে কর্মসূচিটির এখনো চূড়ান্ত অনুমোদন ও অর্থায়ন হয়নি। ফলে ট্যাব বিতরণ শুরুর কোনো নির্দিষ্ট তারিখও নির্ধারণ করা হয়নি।
বিভিন্ন প্রকল্পে অন্তর্ভুক্তির উদ্যোগ
মাধ্যমিক ও সমপর্যায়ের শিক্ষার জন্য প্রস্তাবিত এ উদ্যোগকে মাধ্যমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচির আওতায় ‘শিক্ষকদের প্রযুক্তিগত সহায়তা কর্মসূচি’, প্রস্তাবিত ‘মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানে প্রযুক্তিগত সহায়তা ও স্মার্ট লার্নিং পরিবেশ’ প্রকল্প এবং অনুমোদনের অপেক্ষায় থাকা ‘নেক্সটজেন মাধ্যমিক শিক্ষা কর্মসূচিসহ’ প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধিসংক্রান্ত বিভিন্ন প্রকল্প ও কর্মসূচিতে অন্তর্ভুক্ত করা হয়েছে বলে জানান মন্ত্রী।
প্রাথমিক পর্যায়ের শিক্ষকদের ট্যাব দেওয়ার বিষয়টি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের এখতিয়ারভুক্ত বলেও জানান তিনি।
প্রস্তাবিত পঞ্চম প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি (পিইডিপি-৫) অনুমোদন ও প্রয়োজনীয় অর্থায়ন নিশ্চিত হলে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের জন্য ট্যাব কেনা ও বিতরণ শুরু হতে পারে বলে জানান শিক্ষামন্ত্রী।
লক্ষাধিক শিক্ষককে দেওয়া হচ্ছে প্রযুক্তি প্রশিক্ষণ
শিক্ষকদের ডিজিটাল ডিভাইসের কার্যকর ব্যবহার নিশ্চিত করতে ইতোমধ্যে বিভিন্ন প্রশিক্ষণ কার্যক্রম নেওয়া হয়েছে বলে জানান এহছানুল হক মিলন।
তিনি বলেন, ‘লাইস’ প্রকল্পের আওতায় ৫৯ হাজার ১৭০ জন শিক্ষককে ব্লেন্ডেড লার্নিং এবং ২৯ হাজার ৫৮৫ জন শিক্ষককে আইসিটি প্রশিক্ষণ দেওয়া হবে।
এ ছাড়া ‘আইসিটির মাধ্যমে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ে শিক্ষা প্রতিষ্ঠা’ প্রকল্পের আওতায় ৫ লাখ ২১ হাজার ১১২ জন শিক্ষককে আইসিটি প্রশিক্ষণ দেওয়া হয়েছে।
নেক্সটজেন কর্মসূচিতেও প্রশিক্ষণের পরিকল্পনা
শিক্ষামন্ত্রী জানান, প্রস্তাবিত নেক্সটজেন কর্মসূচির আওতায় ৩ লাখ ৬৯ হাজার ৬৪৩ জন শিক্ষক ও শিক্ষা প্রশাসককে দেশে পেশাগত উন্নয়ন প্রশিক্ষণ দেওয়া হবে। পাশাপাশি ১৩১ জনকে বিদেশে প্রশিক্ষণ দেওয়ার পরিকল্পনা রয়েছে।
বাস্তবায়নের আগে যেসব প্রস্তুতি নেওয়া হবে
‘এক শিক্ষক, এক ট্যাব’ কর্মসূচি বাস্তবায়নের আগে কয়েকটি প্রস্তুতিমূলক পদক্ষেপ নেওয়া হবে বলে জানান শিক্ষামন্ত্রী।
এর মধ্যে রয়েছে শিক্ষকের সংখ্যা ও তাঁদের প্রয়োজন নিরূপণ, ডিভাইসের কারিগরি বৈশিষ্ট্য নির্ধারণ, প্রয়োজনীয় ডিজিটাল কনটেন্ট প্রস্তুত, ইন্টারনেট সংযোগ নিশ্চিত করা, ব্যবহারকারীদের প্রশিক্ষণ এবং ডিভাইসের মেরামত ও রক্ষণাবেক্ষণ সুবিধা তৈরি।
এ ছাড়া ডিভাইসের নিরাপদ ব্যবস্থাপনা নিশ্চিত করার বিষয়টিও গুরুত্ব দেওয়া হবে বলে জানান তিনি।
পাইলট প্রকল্পের মাধ্যমে শুরু হবে কার্যক্রম
এহছানুল হক মিলন বলেন, সংশ্লিষ্ট প্রকল্প বা কর্মসূচির অনুমোদন, প্রয়োজনীয় অর্থ বরাদ্দ এবং সরকারি ক্রয় প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর প্রাথমিকভাবে পাইলট ভিত্তিতে ‘এক শিক্ষক, এক ট্যাব’ কর্মসূচি চালু করা হবে। পরে পর্যায়ক্রমে তা সম্প্রসারণ করা হবে।
এসব পূর্বশর্ত পূরণ না হওয়া পর্যন্ত কর্মসূচি বাস্তবায়নের নির্দিষ্ট তারিখ ঘোষণা করা সম্ভব নয় বলেও জানান শিক্ষামন্ত্রী।
প্রতিবেদকের নাম 




















