স্পোর্টস ডেস্ক: বিশ্বকাপের সেমিফাইনালে স্পেন ও ফ্রান্সের বহুল প্রতীক্ষিত ম্যাচকে ঘিরে মাঠের বাইরে শুরু হয়েছে কথার লড়াই। এরই মধ্যে ফ্রান্সের জাতীয় ফুটবল দল নিয়ে বিতর্কিত মন্তব্য করে তীব্র সমালোচনার মুখে পড়েছেন স্পেনের সাবেক প্রধানমন্ত্রী মারিয়ানো রাজয়।
স্প্যানিশ সংবাদমাধ্যম এল ডিবেট-এ প্রকাশিত এক মন্তব্যে রাজয় দাবি করেন, ফ্রান্সের জাতীয় দলে ‘কোনো ফরাসি খেলোয়াড় নেই’। তার এই বক্তব্য স্পেন ও ফ্রান্স—উভয় দেশেই ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছে।
স্পেনের বর্তমান প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ মন্তব্যটিকে ‘বিদেশি-বিদ্বেষী’ (জেনোফোবিক) আখ্যা দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লেখেন, কোনো দেশের নাগরিকত্ব পদবি, জন্মস্থান বা গায়ের রঙ দিয়ে নয়; বরং দেশের প্রতি ভালোবাসা ও অবদানের মাধ্যমে মূল্যায়ন করা উচিত।
তিনি আরও বলেন, স্পেন তাদেরই, যারা দেশকে ভালোবাসে এবং এর জন্য কাজ করে; যারা বিদেশি-বিদ্বেষী মন্তব্য করে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করে, তাদের নয়।
স্পেনের পরিবহনমন্ত্রী অস্কার পুয়েন্তেও রাজয়ের বক্তব্যের সমালোচনা করেন।
ফ্রান্সের রাজনৈতিক অঙ্গন থেকেও এ মন্তব্যের তীব্র প্রতিক্রিয়া আসে। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী লরাঁ নুনিয়েজ ফরাসি সংবাদমাধ্যম বিএফএমটিভি-কে বলেন, এমন মন্তব্য সম্পূর্ণ অগ্রহণযোগ্য।
ফরাসি কমিউনিস্ট পার্টির নেতা ফ্যাবিয়েন রুসেল রাজয়ের বক্তব্যকে বর্ণবাদী মন্তব্যের সঙ্গে তুলনা করে বলেন, এ ধরনের বক্তব্য ঘৃণা ও বিভাজন ছড়ায়।
বৈষম্যবিরোধী বিষয়ক মন্ত্রী অরোর বার্গে বলেন, খেলাধুলাকে খেলাধুলাই থাকতে দেওয়া উচিত। এখানে একজন খেলোয়াড়ের মূল্যায়ন হবে তার প্রতিভা ও পারফরম্যান্সের ভিত্তিতে, অন্য কোনো পরিচয়ে নয়।
এদিকে, ফরাসি সমাজতান্ত্রিক নেতা অলিভিয়ের ফোর বলেন, ফ্রান্সের কোনো নির্দিষ্ট গায়ের রঙ বা ধর্ম নেই।
মাদ্রিদে অবস্থিত ফ্রান্স দূতাবাস এক বিবৃতিতে জানায়, ফরাসি জাতীয় দলের সব খেলোয়াড়ই ফ্রান্সের নাগরিক। ২৬ সদস্যের দলে ২৩ জনের জন্ম ফ্রান্সে এবং বাকি তিনজন বিদেশে জন্ম নিলেও তারাও ফরাসি নাগরিক।
ফরাসি ফুটবল ফেডারেশনের সভাপতি ফিলিপ দিয়ালো রাজয়ের মন্তব্যকে ‘বর্ণবাদের প্রচ্ছন্ন ইঙ্গিত’ উল্লেখ করে এর নিন্দা জানান।
প্রতিবেদকের নাম 























