এসএসসি ও সমমান পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণের জন্য এবার রেকর্ডসংখ্যক আবেদন পড়েছে। একাধিক বিষয়ে আবেদন করায় মোট ১২ লাখ ৮৭ হাজার ৯২৬টি উত্তরপত্র পুনর্নিরীক্ষণের জন্য জমা পড়েছে।
আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির তথ্য অনুযায়ী, এবার ফল পুনর্নিরীক্ষণের আবেদন করেছেন ৪ লাখ ২ হাজার ৫১ জন শিক্ষার্থী। তাদের অনেকেই একাধিক বিষয়ে আবেদন করেছেন। ফলে মোট খাতার সংখ্যা ১২ লাখ ৮৭ হাজারের বেশি হয়েছে।
অল্প সময়ে এত বিপুলসংখ্যক উত্তরপত্র পুনর্নিরীক্ষণ নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এক অনুষ্ঠানে বলেছেন, এত বিপুলসংখ্যক খাতা স্বল্প সময়ে দেখা প্রায় অসম্ভব। এ বিষয়ে নতুন নীতিমালা তৈরির কথাও জানিয়েছেন তিনি।
তবে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক ড. সৈয়দ আক্তারুজ্জামান জানিয়েছেন, পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করা প্রত্যেক শিক্ষার্থীর খাতাই দেখা হবে। পুনর্নিরীক্ষণের পর কোনো শিক্ষার্থীর ফল পরিবর্তন হলে কলেজে ভর্তির আবেদনের জন্য তাকে নতুন করে সময় দেওয়া হবে।
শিক্ষাবিদ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক মোহাম্মদ মজিবুর রহমান বলেন, অল্প সময়ে বিপুলসংখ্যক খাতা সুষ্ঠুভাবে পুনর্নিরীক্ষণ করা বড় চ্যালেঞ্জ। তবে শিক্ষার্থীদের স্বার্থে এ উদ্যোগ ইতিবাচক বলেও মন্তব্য করেন তিনি।
প্রতিবেদকের নাম 




















