
ওয়াশিংটনে দুই দিনের আলোচনার পর ইসরায়েল ও লেবানন তাদের চলমান যুদ্ধবিরতির মেয়াদ আরও ৪৫ দিন বাড়াতে সম্মত হয়েছে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র টমি পিগট সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে বিষয়টি নিশ্চিত করে জানান, এই বৈঠক অত্যন্ত ফলপ্রসূ হয়েছে এবং আলোচনার মাধ্যমেই যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এর আগে গত ১৬ এপ্রিল প্রথমবারের মতো দুই দেশের মধ্যে যুদ্ধবিরতি ঘোষণা করা হয়েছিল। সেই অনুযায়ী চলমান বিরতির মেয়াদ শিগগিরই শেষ হওয়ার কথা ছিল। তবে নতুন সিদ্ধান্ত অনুযায়ী তা আরও দেড় মাসের জন্য বহাল থাকবে।
প্রতিবেদনে বলা হয়েছে, ২ মার্চ থেকে ১৬ এপ্রিল পর্যন্ত চলা সামরিক অভিযানে দক্ষিণ লেবাননে ব্যাপক প্রাণহানি ঘটে। ওই সময় হাজার হাজার মানুষ আহত হন এবং প্রায় দশ লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়ে নিরাপদ আশ্রয়ের খোঁজে ঘরবাড়ি ছাড়তে বাধ্য হন।
যুদ্ধবিরতি চললেও গত এক মাসে সীমিত আকারে কিছু হামলার ঘটনা ঘটেছে, যেখানে বেশ কয়েকজন বাংলাদেশি নাগরিকের মৃত্যুর কথাও উল্লেখ করা হয়েছে, যারা সেখানে শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন।
ওয়াশিংটনের এই আলোচনায় দুই দেশের উচ্চপর্যায়ের প্রতিনিধিদের পাশাপাশি যুক্তরাষ্ট্রের সামরিক ও নিরাপত্তা কর্মকর্তারাও অংশ নেন। জানা গেছে, আগামী দিনগুলোতে সীমান্ত নিরাপত্তা জোরদার এবং একটি নতুন ‘নিরাপত্তা লাইন’ প্রস্তাব তৈরির কাজ করবে মার্কিন প্রতিরক্ষা দপ্তর। এরপর আবারও আগামী জুনে ওয়াশিংটনে দুই দেশের মধ্যে নতুন দফা আলোচনা হওয়ার কথা রয়েছে।
যুক্তরাষ্ট্র আশা করছে, এই ধারাবাহিক সংলাপের মাধ্যমে ইসরায়েল ও লেবাননের মধ্যে দীর্ঘমেয়াদি শান্তি ও সীমান্ত নিরাপত্তা আরও শক্তিশালী হবে।
প্রতিবেদকের নাম 
























