পর্যটন মৌসুমে দেশের প্রধান পর্যটন গন্তব্য কক্সবাজারকে আন্তর্জাতিক মানে উন্নীত করা এবং পর্যটকদের ভ্রমণ অভিজ্ঞতা আরও আনন্দময় করতে পরীক্ষামূলকভাবে শুরু হয়েছে পর্যটন কার্নিভাল।
রোববার (২২ নভেম্বর) কক্সবাজার সমুদ্রসৈকতের ঝাউবিথী কবিতা চত্বর পয়েন্ট থেকে শৈবাল পয়েন্ট পর্যন্ত ৩৫ একর জায়গাজুড়ে আয়োজিত এ কার্নিভালের উদ্বোধন করেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামীম আরা বেগম স্বপ্না।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ পর্যটন করপোরেশনের চেয়ারম্যান মো. শামীমুজ্জামানসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা। বাংলাদেশ পর্যটন করপোরেশনের উদ্যোগে আয়োজিত এ কার্নিভাল বাস্তবায়ন করছে বেসরকারি সংস্থা স্পেলবাউন্ড কমিউনিকেশনস লিমিটেড। আয়োজনটি চলবে আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত।
থাকছে ১৫টি বিশেষ জোন
পর্যটকদের বিনোদন, জ্ঞানচর্চা ও অ্যাডভেঞ্চারের বিষয়টি বিবেচনায় রেখে কার্নিভাল প্রাঙ্গণকে ১৫টি বিশেষ জোনে সাজানো হয়েছে।
জোনগুলোর মধ্যে রয়েছে ওয়েলনেস, এক্সপেরিয়েন্স, ক্যাম্পিং, ওপেন থিয়েটার, ওপেন লাইব্রেরি ও টেলিস্কোপ, মার্কেট, এক্সিবিশন, গেমিং, কিডস, ফুড, গো-কার্ট ও স্পোর্টস, অ্যাম্ফিথিয়েটার, স্যান্ড স্কাল্পচার, আর্ট এবং সি-ভিউ বারবিকিউ।
আয়োজকেরা জানিয়েছেন, প্রথম সাত দিন পরীক্ষামূলকভাবে কার্নিভালের কার্যক্রম চলবে। এরপর গ্র্যান্ড ওপেনিংয়ের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হবে কক্সবাজার পর্যটন কার্নিভাল।
প্রতিবেদকের নাম 






















