বাংলাদেশি বংশোদ্ভূত উদ্যোক্তা মোহাম্মদ রাফি হোসেনের নেতৃত্বাধীন ডিজিটাল ব্যাংকিং প্রতিষ্ঠান ‘ফ্যাসেট’ (Facet) ৫১ মিলিয়ন ডলার নতুন বিনিয়োগ পেয়েছে, যা ক্রস-বর্ডার ব্যাংকিং ও পেমেন্ট খাতে বড় অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে।
ব্লকচেইনভিত্তিক অবকাঠামোর ওপর গড়ে ওঠা এই শারিয়াহ-সম্মত ডিজিটাল ব্যাংকটি স্টেবলকয়েন-নির্ভর পেমেন্ট সেবা সম্প্রসারণে এ তহবিল সংগ্রহ করেছে।
রোববার (১৭ মে) এ বিষয়ে জানানো হয়, সিরিজ বি রাউন্ডে বিনিয়োগ করেছে জাপানের এসবিআই গ্রুপ, ইনভেস্টকর্প এবং তুরস্কের একটি সম্পদ ব্যবস্থাপনা প্রতিষ্ঠান।
প্রতিষ্ঠানটির লক্ষ্য প্রচলিত ব্যাংকিং নেটওয়ার্কের বাইরে গিয়ে দ্রুত ও কম খরচে আন্তর্জাতিক অর্থ লেনদেন নিশ্চিত করা। বর্তমানে ফ্যাসেট এশিয়া, আফ্রিকা ও মধ্যপ্রাচ্যের ৫০টির বেশি করিডোরে কার্যক্রম পরিচালনা করছে।
ফ্যাসেটের দাবি, গত বছরে তাদের বার্ষিক লেনদেন ৩২ বিলিয়ন ডলার ছাড়িয়েছে এবং ১ হাজারের বেশি ছোট ও মাঝারি ব্যবসা প্রতিষ্ঠান তাদের সেবা ব্যবহার করছে।
প্রতিষ্ঠানটি স্টেবলকয়েন ও ব্লকচেইন প্রযুক্তি ব্যবহার করে রেমিট্যান্স, ট্রেজারি ম্যানেজমেন্ট ও আন্তর্জাতিক বাণিজ্য লেনদেনকে দ্রুত ও সাশ্রয়ী করার লক্ষ্য নিয়ে কাজ করছে।
ফ্যাসেটের প্রধান নির্বাহী মোহাম্মদ রাফি হোসেন বলেন, “আমরা এমন একটি আর্থিক ব্যবস্থা গড়ে তুলছি, যেখানে তথ্যের মতো অর্থও সহজে সীমান্ত পেরোতে পারবে।”
তিনি জানান, নতুন এই বিনিয়োগ প্রতিষ্ঠানটির গ্লোবাল সম্প্রসারণ ও ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন আর্থিক পণ্য তৈরিতে সহায়তা করবে।
প্রতিবেদকের নাম 






















