সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ সাত বাংলাদেশি নিহত হয়েছেন। মদিনা থেকে জেদ্দায় ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে বলে জানা গেছে।
প্রাথমিকভাবে নিহত সাতজনের পরিচয় পাওয়া গেছে। তারা সবাই আল আবির কোল্ড স্টোরস ট্রেডিং কোম্পানির সঙ্গে কর্মসূত্রে সম্পৃক্ত পরিবারের সদস্য।
কোম্পানিটির অফিস রয়েছে রিয়াদ ও জেদ্দায়। নিহতদের মধ্যে প্রতিষ্ঠানটির স্টোরকিপার জিয়াউর রহমান এবং তাঁর দুই ছেলে ও এক মেয়ে রয়েছেন।
এ ছাড়া ফর্কলিফট চালক ইলিয়াসের স্ত্রী এবং মক্কায় কর্মরত স্টোরকিপার আলমশাহ ও তাঁর এক মাস বয়সী কন্যাশিশুও নিহত হয়েছেন বলে জানা গেছে।
তবে দুর্ঘটনার সুনির্দিষ্ট সময়, স্থান ও কারণ সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। নিহতদের গ্রামের বাড়ি সম্পর্কেও কিছু জানা যায়নি।
এ বিষয়ে সৌদি কর্তৃপক্ষ, দেশটির গণমাধ্যম কিংবা রিয়াদে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের পক্ষ থেকেও কোনো তথ্য জানানো হয়নি।
প্রতিবেদকের নাম 




















