
ইরানের ওপর দীর্ঘদিনের নিষেধাজ্ঞাকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও তেহরানের মধ্যে নতুন এক ধরনের ‘ক্রিপ্টো যুদ্ধ’ শুরু হয়েছে। বিশ্লেষকদের মতে, এই লড়াই এখন অনেকটাই ইঁদুর-বিড়াল খেলার মতো—একদিকে ইরান ডিজিটাল মুদ্রা ব্যবহার করে অর্থনৈতিক নিষেধাজ্ঞা এড়ানোর চেষ্টা করছে, অন্যদিকে যুক্তরাষ্ট্র তা প্রতিরোধে কঠোর পদক্ষেপ নিচ্ছে।
প্রতিবেদনে বলা হয়, ইরানে ক্রিপ্টোকারেন্সির ব্যবহার দ্রুত বাড়ছে। আন্তর্জাতিক ব্যাংকিং ব্যবস্থার বাইরে থাকায় দেশটির অনেক নাগরিক ও কিছু রাষ্ট্রীয় সংস্থাও এখন লেনদেনের বিকল্প মাধ্যম হিসেবে ক্রিপ্টো ব্যবহার করছে। ২০২৫ সালে ইরানের ক্রিপ্টো অর্থনীতির আকার ৭.৭৮ বিলিয়ন ডলারের বেশি হয়েছে বলে জানিয়েছে ব্লকচেইন বিশ্লেষণ প্রতিষ্ঠান চেইনঅ্যানালাইসিস।
বিশেষ করে ইসলামিক রেভ্যুলুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) এই খাতে বড় ভূমিকা রাখছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়।
বিশ্লেষকদের মতে, ক্রিপ্টো ব্যবহার করে ইরান তেল বিক্রি, আমদানি-রপ্তানি ও বিভিন্ন আর্থিক লেনদেন করছে, যা প্রচলিত ব্যাংকিং ব্যবস্থার বাইরে থাকায় ট্র্যাক করা কঠিন। এমনকি কিছু ক্ষেত্রে জাহাজ চলাচলের টোলও ক্রিপ্টোতে আদায় করা হচ্ছে বলে দাবি করা হয়েছে।
অন্যদিকে, যুক্তরাষ্ট্র এই প্রবণতা ঠেকাতে একাধিক ইরান-সংশ্লিষ্ট ক্রিপ্টো ওয়ালেটে নিষেধাজ্ঞা দিয়েছে এবং শত শত মিলিয়ন ডলারের সম্পদ জব্দ করেছে। মার্কিন কর্মকর্তারা বলছেন, নিষেধাজ্ঞা এড়ানোর যেকোনো চেষ্টা কঠোরভাবে প্রতিহত করা হবে।
তবে এই পরিস্থিতিতে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়ছেন সাধারণ ইরানি নাগরিকরা। মুদ্রাস্ফীতি ও রিয়ালের অবমূল্যায়নের কারণে তারা সঞ্চয় রক্ষায় ক্রিপ্টোর ওপর নির্ভরশীল হলেও, আন্তর্জাতিক নিষেধাজ্ঞা, সাইবার হামলা ও নিয়ন্ত্রণের কারণে তাদের জন্য এই ব্যবস্থাও ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে।
বিশেষজ্ঞদের মতে, ক্রিপ্টো এখন শুধু আর্থিক প্রযুক্তি নয়, বরং বৈশ্বিক ভূরাজনীতির একটি গুরুত্বপূর্ণ অংশে পরিণত হয়েছে। যুক্তরাষ্ট্র ও ইরানের এই ডিজিটাল দ্বন্দ্ব ভবিষ্যতে আন্তর্জাতিক অর্থনৈতিক শক্তির ভারসাম্যেও প্রভাব ফেলতে পারে।
প্রতিবেদকের নাম 























