অভিনয়ের প্রশিক্ষণ নিতে গিয়ে ঘরের কাজের সহকারীর চরিত্রে অভিনয় করতে বেশ বেগ পেতে হয়েছিল বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোনকে। চরিত্রটি বিশ্বাসযোগ্যভাবে ফুটিয়ে তুলতে না পেরে একপর্যায়ে তার চোখে পানি চলে এসেছিল। সম্প্রতি এক অনুষ্ঠানে দীপিকার অভিনয় শেখার সেই অভিজ্ঞতার কথা জানিয়েছেন অভিনেতা অনুপম খের।
গোয়ার আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব (আইএফএফআই) উপলক্ষে আয়োজিত এক আলোচনায় অনুপম খের জানান, বলিউডে অভিষেকের আগে তার অভিনয় প্রশিক্ষণকেন্দ্র ‘অ্যাক্টর প্রিপেয়ার্স’-এ তিন মাসের কোর্স করেছিলেন দীপিকা। সে সময় তিনি পরিচিত মডেল ছিলেন এবং শাহরুখ খানের বিপরীতে ‘ওম শান্তি ওম’ সিনেমায় অভিনয়ের প্রস্তুতি নিচ্ছিলেন।
অনুপমের ভাষ্য অনুযায়ী, মডেলিংয়ের কারণে দীপিকার চলাফেরা ও আচরণে ছিল পরিপাটি ও মার্জিত ভাব। সব কাজই তিনি করতেন বেশ সুশৃঙ্খল ভঙ্গিতে। এমনকি চায়ের কাপ ধরার মধ্যেও থাকত বিশেষ কায়দা। তবে অভিনয়ের ক্ষেত্রে সব সময় এমন পরিপাটি আচরণ চরিত্রকে বিশ্বাসযোগ্য করে তোলে না।
একদিনের ক্লাসে দীপিকাকে ঘরের কাজের সহকারীর চরিত্রে অভিনয় করতে বলেন অনুপম। দৃশ্যটিতে তাকে মেঝে ঝাড়ু দিতে হতো। কিন্তু দীপিকা ঝাড়ু দেওয়ার কাজটিও করছিলেন বেশ আকর্ষণীয় ভঙ্গিতে।
বিষয়টি বোঝাতে অনুপম নিজের বাসার এক গৃহকর্মীকে ক্লাসে নিয়ে আসেন। তাকে দিয়ে ঝাড়ু দেওয়ার কাজটি করিয়ে দেখান, বাস্তবে কাজটি কীভাবে করতে হয়। এরপর দীপিকাকে আবার একই দৃশ্যে অভিনয় করতে বলেন তিনি।
অনুপম জানান, অভিনয়টি বিশ্বাসযোগ্য না হওয়া পর্যন্ত দীপিকাকে অনুশীলন চালিয়ে যেতে বলেছিলেন তিনি। এতে প্রথমে হতাশ হয়ে পড়েন অভিনেত্রী। একপর্যায়ে তার চোখে পানিও চলে আসে। তবে শেষ পর্যন্ত বারবার অনুশীলনের মাধ্যমে দৃশ্যটি ঠিকভাবে ফুটিয়ে তুলতে সক্ষম হন দীপিকা। পরে এ জন্য অনুপমকে ধন্যবাদও জানান তিনি।
অনুপমের মতে, অভিনয়ে দক্ষতা অর্জনের জন্য নিয়মিত অনুশীলনের কোনো বিকল্প নেই। পাশাপাশি কাজ পাওয়ার ক্ষেত্রে বাস্তব পরিস্থিতি বুঝে চলার দক্ষতাও জরুরি।
২০০৭ সালে ফারাহ খানের পরিচালনায় ‘ওম শান্তি ওম’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক হয় দীপিকার। ছবিটিতে তার বিপরীতে অভিনয় করেন শাহরুখ খান। মুক্তির পর সিনেমাটি বক্স অফিসে ব্যাপক সাফল্য পায়।
প্রতিবেদকের নাম 























