এনামুল হক রাশেদী, চট্টগ্রাম প্রতিনিধি:
চট্টগ্রাম নগরের কোতোয়ালি থানা এলাকায় ঝটিকা মিছিল থেকে আওয়ামী লীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ১২ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (২৫ এপ্রিল) কোতোয়ালি থানা পুলিশের বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
পুলিশ জানায়, গত ২৪ এপ্রিল দুপুরে নিউ মার্কেট মোড় এলাকায় দায়িত্ব পালনের সময় খবর পেয়ে পুলিশ অভিযান চালায়। এ সময় টাইগারপাসমুখী এলাকায় সরকারবিরোধী স্লোগান দিয়ে একটি মিছিল বের হয়। পুলিশ পৌঁছালে মিছিলকারীরা পালানোর চেষ্টা করে, পরে অভিযান চালিয়ে ১২ জনকে আটক করা হয়।
গ্রেপ্তারদের মধ্যে রয়েছেন— তানভীর হাসান, মোসলেম উদ্দিন, বিপু ঘোষ বিলু, নাহিদ হোসেন, সাইফুল ইসলাম, নওশের উদ্দিন চৌধুরী, জুয়েল, আলাল, আসিফ, শুভ রহমান, সৌরভ দেওয়ানজী ও ইমাম হোসেন সাদমান।
মো. আফতাব উদ্দিন, কোতোয়ালি থানার ওসি জানান, তাদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়েছে এবং আদালতে সোপর্দ করা হয়েছে।
এনামুল হক রাশেদী, চট্টগ্রাম প্রতিনিধি 


























