জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, বৃহত্তর চট্টগ্রামের বন্যা পরিস্থিতি এখন জাতীয় সমস্যায় পরিণত হয়েছে। তবে এই দুর্যোগ মোকাবিলায় সরকার, স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের ভূমিকা যথেষ্ট কার্যকর নয় বলে অভিযোগ করেন তিনি।
রোববার (১২ জুলাই) দুপুরে চট্টগ্রামের আনোয়ারা ও বাঁশখালীর বন্যাদুর্গত এলাকা পরিদর্শন এবং ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
এ সময় এনসিপির মুখ্য সমন্বয়ক হাসনাত আবদুল্লাহসহ দলের অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
নাহিদ ইসলাম বলেন, চট্টগ্রামের বন্যায় বিপুলসংখ্যক মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। তাদের পাশে দাঁড়ানো এখন সবার দায়িত্ব। তিনি অভিযোগ করেন, সরকারি ত্রাণ এখনো সব ক্ষতিগ্রস্ত এলাকায় পৌঁছেনি এবং স্থানীয় প্রশাসনও দেরিতে কার্যক্রম শুরু করেছে।
তিনি আরও বলেন, এটি কেবল একটি আঞ্চলিক নয়, জাতীয় দুর্যোগ। তাই দেশের সব মানুষের দৃষ্টি এখন চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের দিকে থাকা উচিত।
আনোয়ারা ও বাঁশখালীর বন্যা পরিস্থিতির অবনতির জন্য পর্যাপ্ত বেড়িবাঁধ না থাকাকে অন্যতম কারণ হিসেবে উল্লেখ করে নাহিদ ইসলাম বলেন, এ বিষয়টি প্রয়োজনীয় গুরুত্ব পাচ্ছে না এবং গণমাধ্যমেও তুলনামূলকভাবে কম প্রচার হচ্ছে।
প্রতিবেদকের নাম 




















