চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ভয়াবহ ভূমিধসে নিহতের সংখ্যা বেড়ে ৪১ জনে দাঁড়িয়েছে। ধ্বংসস্তূপ থেকে আরও ৩০ জনের মরদেহ উদ্ধার ও পরিচয় শনাক্ত হওয়ার পর মঙ্গলবার এ তথ্য জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ।
গত ১৭ জুলাই চীনের চংকিং পৌরসভার পেংশুই কাউন্টিতে এ ভূমিধসের ঘটনা ঘটে। পাহাড়ের বড় অংশ ধসে পড়ায় পাদদেশ ও নদীতীরবর্তী কয়েকটি আবাসিক ভবন মাটির নিচে চাপা পড়ে।
রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা যায়, বিপুল পরিমাণ মাটি ও পাথর ধসে একটি আবাসিক ও বাণিজ্যিক এলাকা পুরোপুরি ঢেকে গেছে। নিখোঁজদের সন্ধানে ঘটনাস্থলে শত শত উদ্ধারকর্মী অভিযান চালান।
উদ্ধারকারীরা এর আগে জানিয়েছিলেন, ধ্বংসস্তূপে নিখোঁজ ৫০ জনের সন্ধানে তল্লাশি চালানো হলেও জীবিত কাউকে পাওয়ার সম্ভাবনা খুবই কম।
গত শুক্রবার পর্যন্ত এ ঘটনায় মৃতের সংখ্যা ছিল ১১ জন। পরে উদ্ধার করা মরদেহ ও দেহাবশেষের ডিএনএ পরীক্ষা এবং পরিচয় নিশ্চিত করার পর আরও ৩০ জনকে নিহত হিসেবে শনাক্ত করা হয়। এতে মোট মৃতের সংখ্যা বেড়ে ৪১ জনে পৌঁছেছে।
সূত্র: এএফপি।
প্রতিবেদকের নাম 






















