হরমুজ প্রণালি ও এর আশপাশের জলসীমায় গত এক সপ্তাহে অন্তত সাতটি তেলবাহী ট্যাংকারে হামলার ঘটনা ঘটেছে। এসব হামলায় পারস্য উপসাগরে একটি জাহাজের একাধিক নাবিক আহত হয়েছেন।
মিডল ইস্ট আইয়ের প্রতিবেদনে বলা হয়েছে, গত ১১ নভেম্বর পর্যন্ত এসব হামলার তথ্য নথিভুক্ত করেছে যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও)।
সর্বশেষ হামলা রাস আল খাইমাহ উপকূলে
ইউকেএমটিওর সাপ্তাহিক প্রতিবেদনে বলা হয়েছে, সর্বশেষ ১১ নভেম্বর সংযুক্ত আরব আমিরাতের রাস আল খাইমাহ উপকূল থেকে ১৪ নটিক্যাল মাইল উত্তর-পশ্চিমে একটি ট্যাংকারের ইঞ্জিনকক্ষে হামলা হয়। পরে জাহাজটির নাবিকদের সরিয়ে নেওয়া হয়।
প্রতিবেদনে মোট আটটি ঘটনার কথা উল্লেখ করা হয়েছে। এর মধ্যে তিনটি জাহাজ নিজস্ব যাত্রা অব্যাহত রাখতে সক্ষম হয়, তিনটিকে সহায়তা দিতে হয়েছে এবং বাকি দুটি জাহাজের পরিণতি সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি। তবে কোনো জাহাজ ডুবে যাওয়ার খবর পাওয়া যায়নি।
মার্কিন বাহিনীর হাতে অকার্যকর হুদা
এর আগে গত ৭ নভেম্বর যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড জানায়, ওমান উপসাগরে হুদা নামের একটি জাহাজ অকার্যকর করে দিয়েছে মার্কিন বাহিনী।
মার্কিন নৌ অবরোধ ভেঙে যাওয়ার চেষ্টা এবং সতর্কবার্তা উপেক্ষা করায় জাহাজটির বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে দাবি করে তারা।
হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল কমেছে ৬৫ শতাংশ
ইউকেএমটিও জানিয়েছে, যুদ্ধ শুরুর আগের সময়ের তুলনায় হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল প্রায় ৬৫ শতাংশ কমে গেছে।
সর্বশেষ সপ্তাহে এ পথে ১৩৯টি জাহাজ প্রণালি দিয়ে বাইরে গেছে এবং ১৬৯টি প্রবেশ করেছে। এর আগের সপ্তাহে এ সংখ্যা ছিল যথাক্রমে ১৭০ ও ১৫৫।
সংস্থাটি হরমুজ প্রণালিতে নিরাপত্তাঝুঁকির মাত্রাকে ‘অত্যন্ত গুরুতর’ হিসেবে চিহ্নিত করেছে।
লোহিত সাগরে নতুন হামলার খবর নেই
এদিকে লোহিত সাগরে গত ২৪ আগস্টের পর নতুন কোনো হামলার খবর পাওয়া যায়নি।
তবে হুতিদের গত ২২ জুলাই অবরোধের ঘোষণা দেওয়ার আগের সময়ের তুলনায় বাব আল-মান্দেব প্রণালি দিয়ে জাহাজ চলাচল এখনো প্রায় ২৪ শতাংশ কম।
ইউকেএমটিওর হিসাব অনুযায়ী, গত ২৮ ফেব্রুয়ারি থেকে এ পর্যন্ত সংঘাতসংশ্লিষ্ট ১৬৩টি সামুদ্রিক নিরাপত্তা ঘটনার তথ্য নথিভুক্ত করেছে সংস্থাটি।
প্রতিবেদকের নাম 

























