ইরানের সঙ্গে সম্ভাব্য আলোচনা নিয়ে তেহরানের অস্বীকৃতির পর দেশটির প্রতি কড়া বার্তা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, ইরানের সামনে এখন দুটি পথ খোলা রয়েছে—‘চুক্তি অথবা পূর্ণ আত্মসমর্পণ’।
মঙ্গলবার (৪ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক দীর্ঘ পোস্টে ট্রাম্প দাবি করেন, ইরান প্রকাশ্যে আলোচনা অস্বীকার করলেও বাস্তবে দুই পক্ষের মধ্যে যোগাযোগ চলছে। তার ভাষায়, তেহরান বহু দশক ধরে যে সংকট তৈরি করেছে, তা সমাধানের লক্ষ্যে আলোচনা অব্যাহত রয়েছে।
ট্রাম্প আরও বলেন, আন্তর্জাতিক নৌ চলাচলের গুরুত্বপূর্ণ পথ হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নিয়ে ইরানের দাবি গ্রহণযোগ্য নয়। তার দাবি, প্রণালিটি কার্যত মার্কিন নৌবাহিনী ও তাদের আরোপিত অবরোধের নিয়ন্ত্রণে রয়েছে। তিনি সতর্ক করে বলেন, কোনো সমঝোতা বা ‘পূর্ণ আত্মসমর্পণ’ না হওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্রের অনুমতি ছাড়া ইরানে কিছুই পৌঁছাতে দেওয়া হবে না।
এর এক দিন আগে ট্রাম্প জানান, কাতার, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের অনুরোধে ইরানের ওপর পরিকল্পিত বড় ধরনের সামরিক হামলা আপাতত স্থগিত রাখা হয়েছে। তিনি দাবি করেন, সোমবার থেকে সমঝোতা আলোচনা শুরু হওয়ার কথা ছিল, যদিও এতে কারা অংশ নিচ্ছেন সে বিষয়ে বিস্তারিত জানাননি।
অন্যদিকে, যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো ধরনের আলোচনা বা বৈঠকের বিষয়টি সম্পূর্ণ অস্বীকার করেছে ইরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেই বলেন, ওয়াশিংটনের সঙ্গে বর্তমানে কোনো আলোচনা চলছে না। তবে ওমানের সঙ্গে হরমুজ প্রণালিতে নিরাপদ নৌপথ নির্ধারণের বিষয়ে সীমিত পরিসরে আলোচনা অব্যাহত রয়েছে বলে জানান তিনি।
প্রতিবেদকের নাম 




















