চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) পুকুরে ডুবে দুই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বুধবার (১২ আগস্ট) বেলা দেড়টার দিকে বিশ্ববিদ্যালয়ের কবি কাজী নজরুল ইসলাম হল সংলগ্ন পুকুরে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের শিক্ষার্থী শান্ত দেব (২৩) এবং কম্পিউটার ও বিজ্ঞান কৌশল বিভাগের শিক্ষার্থী অর্ণব দত্ত (২২)। তারা দুজনই ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তাদের দুজনের বাড়ি সিলেটে বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে ফুটবল খেলা শেষে দুই শিক্ষার্থী হলের পাশের পুকুরে গোসল করতে যান। একপর্যায়ে তারা পুকুরের মাঝামাঝি অংশে সাঁতার কাটতে গিয়ে পানিতে ডুবে যান।
পরে স্থানীয়দের সহায়তায় উদ্ধার অভিযান শুরু হয়। প্রায় ২০ মিনিট পর অর্ণব দত্তকে এবং প্রায় ৪৫ মিনিট পর শান্ত দেবকে পুকুর থেকে উদ্ধার করা হয়।
উদ্ধারের পর তাদের দ্রুত চট্টগ্রাম নগরের এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।
চুয়েটের ছাত্রকল্যাণ অধিদপ্তরের পরিচালক অধ্যাপক সাইফুল ইসলাম দুই শিক্ষার্থীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, নিহতদের মরদেহ হাসপাতালে রয়েছে। তাদের পরিবারের সদস্যদের বিষয়টি জানানো হয়েছে। পরিবারের ইচ্ছা অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
প্রতিবেদকের নাম 




















