১৫ আগস্টকে ঘিরে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে র্যাব। এ উপলক্ষে গোয়েন্দা নজরদারি ও সাইবার পেট্রলিং বাড়ানো হয়েছে।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব এ তথ্য জানিয়েছে।
র্যাব জানায়, ১৫ আগস্ট বিভিন্ন রাজনৈতিক দলের কর্মসূচিকে ঘিরে কোনো নিষিদ্ধ সংগঠন, উগ্রবাদী গোষ্ঠী বা দুষ্কৃতকারী যেন নাশকতা বা বিশৃঙ্খলা তৈরি করতে না পারে, সেজন্য দেশজুড়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে।
গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল স্থানগুলোতে অতিরিক্ত নিরাপত্তা দেওয়া হয়েছে। অনুষ্ঠানস্থল ও যাতায়াতের পথে সাদা পোশাকে গোয়েন্দা সদস্যদেরও নজরদারিতে রাখা হয়েছে।
এ ছাড়া নিষিদ্ধ সংগঠন ও সন্দেহভাজন ব্যক্তিদের বিষয়ে তথ্য সংগ্রহ করা হচ্ছে। প্রয়োজনীয় তথ্য পেতে বিভিন্ন এলাকায় সোর্সও কাজে লাগানো হচ্ছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ও অপপ্রচার ঠেকাতে সাইবার নজরদারিও বাড়ানো হয়েছে। বিভ্রান্তিকর পোস্ট বা ছবি দিয়ে বিশৃঙ্খলা তৈরির চেষ্টা হলে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে র্যাব।
কোথাও বিস্ফোরক বা সন্দেহজনক কোনো বস্তু পাওয়া গেলে দ্রুত ব্যবস্থা নিতে বোম্ব ডিসপোজাল ইউনিট প্রস্তুত রাখা হয়েছে।
র্যাব জানিয়েছে, প্রয়োজন হলে স্থানীয় প্রশাসন ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে নিরাপত্তা নিশ্চিত করা হবে। নাগরিকদেরও সন্দেহজনক ব্যক্তি, বস্তু বা কর্মকাণ্ড দেখলে দ্রুত আইনশৃঙ্খলা বাহিনীকে জানানোর অনুরোধ করা হয়েছে।
প্রতিবেদকের নাম 




















