প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে ফেসবুকে আপত্তিকর ও মানহানিকর মন্তব্য করার অভিযোগে করা মামলায় রিমান্ড শেষে গাজী সালাউদ্দিন তানভীরকে কারাগারে পাঠানো হয়েছে।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) জিজ্ঞাসাবাদ শেষে তাকে বগুড়া সদর আমলি আদালতে হাজির করা হয়। পরে আদালতের বিচারক অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. শামসুজ্জামান তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
মামলার তদন্ত কর্মকর্তা বগুড়া সদর থানার এসআই মাসুদুর রহমান সাত দিনের রিমান্ড আবেদন করেছিলেন। গত ১০ আগস্ট আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
মামলার এজাহার অনুযায়ী, গত ২৯ জুলাই বগুড়া জেলা বিএনপি কার্যালয়ে থাকা অবস্থায় বাদী ফেসবুকে গাজী সালাউদ্দিনের একটি পোস্ট দেখতে পান। সেখানে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে মানহানিকর ও উসকানিমূলক মন্তব্য করা হয়েছে বলে অভিযোগ করা হয়।
এ ঘটনায় বগুড়া সদর উপজেলা বিএনপির সভাপতি এইচ এস মাফতুন আহমেদ খান সাইবার সুরক্ষা আইনে মামলা করেন।
এর আগে গত ৫ আগস্ট ভোরে ঢাকার মিরপুরের মনিপুরীপাড়া এলাকার একটি বাড়ি থেকে গাজী সালাউদ্দিনকে গ্রেপ্তার করে পুলিশ। ওই দিনই তাকে বগুড়ার আদালতে হাজির করা হলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। পরে মামলার তদন্তের জন্য তাকে রিমান্ডে নেওয়া হয়।
প্রতিবেদকের নাম 




















