গণভোটের গণরায় বাস্তবায়নসহ ছয় দফা দাবি আদায়ে ১১ দলীয় জোটের ঢাকা-চট্টগ্রাম লংমার্চের শেষ কর্মসূচি হিসেবে চট্টগ্রামের ঐতিহাসিক লালদিঘি ময়দানে সমাবেশ শুরু হয়েছে।
শনিবার (৫ সেপ্টেম্বর) বিকেল ৫টায় আনুষ্ঠানিকভাবে সমাবেশের কার্যক্রম শুরু হয়। এর আগে দুপুরের পর থেকেই নগরের বিভিন্ন এলাকা থেকে জোটের নেতাকর্মীরা মিছিল নিয়ে লালদিঘি ময়দানের দিকে আসতে থাকেন।
বিকেলের আগেই সমাবেশস্থল নেতাকর্মীদের উপস্থিতিতে পূর্ণ হয়ে যায়। মাঠে জায়গা না পেয়ে অনেকে আশপাশের সড়কেও অবস্থান নেন। লালদিঘি ময়দানের পাশাপাশি কোতোয়ালি থানা এলাকা থেকে টেরিবাজার পর্যন্ত সড়ক, কেঁচিদিয়া সড়ক ও আশপাশের এলাকাতেও নেতাকর্মীদের ভিড় দেখা যায়।
ছয় দফার পক্ষে স্লোগান
সমাবেশস্থলে বিভিন্ন ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড হাতে নেতাকর্মীদের ছয় দফা দাবির পক্ষে স্লোগান দিতে দেখা গেছে। বিভিন্ন এলাকা থেকে আসা মিছিলগুলো একে একে সমাবেশে যোগ দিচ্ছে।
জোটের নেতাকর্মীরা জানান, ঢাকার কর্মসূচি শেষে চট্টগ্রামে এসে লংমার্চের শেষ কর্মসূচি হিসেবে এ সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে। সমাবেশ থেকে ছয় দফা দাবি বাস্তবায়নে সরকারের প্রতি আহ্বান জানানো হবে।
পাশাপাশি দেশের রাজনৈতিক পরিস্থিতি, গণদাবি এবং পরবর্তী কর্মসূচি নিয়েও জোটের শীর্ষ নেতাদের বক্তব্য দেওয়ার কথা রয়েছে। সন্ধ্যার পর তাদের বক্তব্য শুরু হওয়ার কথা থাকায় নেতাকর্মীদের মধ্যে এ নিয়ে আগ্রহ দেখা গেছে।
নিরাপত্তা জোরদার
বিপুলসংখ্যক মানুষের সমাগমকে কেন্দ্র করে লালদিঘি ময়দান ও আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। সমাবেশস্থলের প্রবেশপথ ও আশপাশের সড়কে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের অবস্থান করতে দেখা গেছে।
১১ দলীয় জোটের পক্ষ থেকে বলা হয়েছে, নির্বাচনপূর্ব সংস্কার ও গণভোটের গণরায় বাস্তবায়ন, তেল-গ্যাস-বিদ্যুৎ সংকট নিরসন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি এবং চাঁদাবাজি, সন্ত্রাস ও দুর্নীতি বন্ধের দাবিতে এই কর্মসূচি পালন করা হচ্ছে।
প্রতিবেদকের নাম 



















