বিশ্বের অন্যতম জনপ্রিয় ইউটিউবার জিমি ডোনাল্ডসন, যিনি ভক্তদের কাছে ‘মিস্টার বিস্ট’ নামে পরিচিত, জীবনের নতুন অধ্যায়ে পা রেখেছেন। দীর্ঘদিনের প্রেমিকা ও কনটেন্ট ক্রিয়েটর থিয়া বয়সেনের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন তিনি।
MrBeast (Jimmy Donaldson) নিজের ইউটিউব ভিডিওতে কোটি কোটি ডলারের বিশাল আয়োজন ও চমকপ্রদ সব প্রজেক্টের জন্য পরিচিত হলেও, নিজের বিয়ের অনুষ্ঠান রেখেছেন একেবারেই ব্যক্তিগত ও সাদামাটা। পরিবারের সদস্য ও ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে শান্ত পরিবেশে সম্পন্ন হয়েছে তাদের বিয়ের আয়োজন।
মঙ্গলবার (২১ জুলাই) ইনস্টাগ্রামে বিয়ের ছবি শেয়ার করে মিস্টার বিস্ট আবেগঘন ক্যাপশনে লেখেন, “আমি মিসেস বিস্টকে খুঁজে পেয়েছি এবং এটি ছিল আমার জীবনের সেরা দিন।”
সাদামাটা আয়োজনে রাজকীয় মুহূর্ত
বিশ্বজুড়ে পরিচিত এই তারকা চাইলেই বিয়েতে বড় কোনো আয়োজন করতে পারতেন। কিন্তু জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্তটি তিনি ক্যামেরার ঝলকানি ও বিশাল আয়োজনের বাইরে রাখতে চেয়েছেন।
বিয়ের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শুধু দুই পরিবারের সদস্য এবং কাছের কিছু মানুষ। ব্যক্তিগত এই আয়োজনে ভালোবাসা ও আন্তরিকতাকেই সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন এই দম্পতি।
বিয়ের পোশাকেও ছিল রুচিশীলতার ছাপ। থিয়া বয়সেন পরেছিলেন আইভরি ও নুড রঙের ওপর ফুল ও লেসের সূক্ষ্ম কারুকাজ করা একটি দৃষ্টিনন্দন গাউন। অন্যদিকে মিস্টার বিস্টের পরনে ছিল সাদা টাক্সিডো জ্যাকেট, সাদা শার্ট, কালো ট্রাউজার ও বো-টাই—যা তাকে দিয়েছে ক্লাসিক ও মার্জিত লুক।
২০২৪ সালে হয়েছিল বাগদান
মিস্টার বিস্ট ও থিয়া বয়সেনের সম্পর্কের আনুষ্ঠানিক অগ্রগতি ঘটে ২০২৪ সালের ডিসেম্বরে, যখন তারা বাগদান সম্পন্ন করেন।
এর আগে আন্তর্জাতিক গণমাধ্যম People-কে দেওয়া এক সাক্ষাৎকারে জিমি জানিয়েছিলেন, অনেকেই ভেবেছিলেন তিনি হয়তো সুপার বোউলের মতো কোনো বড় পাবলিক ইভেন্টে বিয়ের প্রস্তাব দেবেন। তবে তার ইচ্ছা ছিল সম্পূর্ণ ভিন্ন—একটি ব্যক্তিগত ও আবেগঘন মুহূর্ত হিসেবে প্রস্তাব দেওয়ার।
বন্ধুত্ব থেকে ভালোবাসার গল্প
জিমি ও থিয়ার প্রেমের গল্পের শুরু দক্ষিণ আফ্রিকায়। এক বন্ধুর মাধ্যমে তাদের পরিচয় হয়। পরে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) থিয়ার সঙ্গে যোগাযোগ করেন মিস্টার বিস্ট।
থিয়ার লেখা বই ‘দ্য মার্কড চিলড্রেন’ পড়ার আগ্রহ প্রকাশ করে শুরু হওয়া সেই কথোপকথন ধীরে ধীরে গভীর সম্পর্কে রূপ নেয়।
সম্পর্কের এক বছর পূর্ণ হওয়ার পর থিয়াকে বিয়ের প্রস্তাব দেন জিমি। তবে থিয়া এডিনবরা বিশ্ববিদ্যালয় থেকে ‘হিউম্যান কগনিটিভ নিউরোসাইকোলজি’ বিষয়ে স্নাতকোত্তর শেষ না করা পর্যন্ত বিয়ের আনুষ্ঠানিকতা পিছিয়ে রাখার সিদ্ধান্ত নেন তারা।
“আমরা মানসিকভাবে অনেক আগেই বিবাহিত”
বিয়ের আগে নিজেদের সম্পর্ক নিয়ে থিয়া বয়সেন জানিয়েছিলেন, তাদের বন্ধন শুধুমাত্র আনুষ্ঠানিকতার ওপর নির্ভরশীল নয়।
তিনি বলেন, “আমার মনে হয়, আমরা মানসিকভাবে অনেক আগেই বিবাহিত। ভবিষ্যতে সন্তান, এমনকি ৭০ বছর বয়সে একসঙ্গে কেমন জীবন কাটাব—এসব নিয়েও আমাদের আলোচনা হয়। এই আনুষ্ঠানিকতা আমাদের সম্পর্কের আরেকটি ধাপ মাত্র।”
বিশ্বজুড়ে কোটি ভক্তের ভালোবাসা পাওয়া মিস্টার বিস্ট এবার ব্যক্তিগত জীবনেও নতুন যাত্রা শুরু করলেন। তার ভক্তরা সামাজিক যোগাযোগমাধ্যমে নবদম্পতিকে শুভেচ্ছা জানাচ্ছেন।
প্রতিবেদকের নাম 




















