
বিদায়ী জুন মাসে দেশে স্বাভাবিকের তুলনায় প্রায় ৩০ শতাংশ কম বৃষ্টিপাত হয়েছে। তবে চলতি জুলাই মাসে মৌসুমি বায়ুর প্রভাবে ভারী বর্ষণের কারণে নদ-নদীর পানি বৃদ্ধি পেয়ে দেশের তিনটি অঞ্চলে স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে আগামী তিন মাসে বঙ্গোপসাগরে চার থেকে ছয়টি লঘুচাপ সৃষ্টি হওয়ার আশঙ্কাও রয়েছে।
বুধবার (১ জুলাই) আধুনিক প্রযুক্তি, আবহাওয়া বিন্যাস ও বায়ুমণ্ডলের বিভিন্ন স্তরের মানচিত্র এবং জলবায়ু মডেল বিশ্লেষণ করে এই তিন মাসের পূর্বাভাস প্রকাশ করা হয়।
পূর্বাভাসে বলা হয়, জুলাই মাসে সারাদেশে মোটামুটি স্বাভাবিক বৃষ্টিপাত হলেও চট্টগ্রাম বিভাগে স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টি হতে পারে। সেখানে জুলাই মাসে প্রায় ৬৯৪ মিলিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
অন্যদিকে, দেশের মধ্যে সবচেয়ে কম বৃষ্টিপাত হতে পারে রাজশাহী বিভাগে। পূর্বাভাস অনুযায়ী জুলাই মাসে রাজশাহীতে প্রায় ৩১১ মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে।
আবহাওয়া অধিদপ্তর আরও জানিয়েছে, জুলাই মাসে মৌসুমি ভারী বর্ষণের কারণে দেশের প্রধান নদ-নদীগুলোর পানির স্তর উল্লেখযোগ্যভাবে বাড়বে। এর ফলে উত্তরাঞ্চল, উত্তর-পূর্বাঞ্চল এবং দক্ষিণ-পূর্বাঞ্চলের কিছু নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদি বন্যার ঝুঁকি তৈরি হতে পারে।
এছাড়া বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপগুলোর মধ্যে এক থেকে তিনটি মৌসুমি নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। এই সময়ে দেশে অন্তত ১০ থেকে ১৫ দিন বজ্রঝড় ও বজ্রপাতের পরিস্থিতি থাকতে পারে বলেও জানানো হয়।
এর আগে জুন মাসে দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয় ১২ জুন নেত্রকোনায়—১৭৮ মিলিমিটার। ৪ জুন যশোরে দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৮.৬ ডিগ্রি সেলসিয়াস এবং ১৯ জুন নরসিংদীতে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১৮.৫ ডিগ্রি সেলসিয়াস।
পরিবর্তনশীল আবহাওয়ার কারণে জুলাইজুড়ে ভারী বর্ষণ, বজ্রঝড় এবং আকস্মিক বন্যার সম্ভাবনার বিষয়ে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
প্রতিবেদকের নাম 




















