২০২৪ সালের জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানকে কেন্দ্র করে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের ছয়টি মামলার রায় ঘোষণা করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আলোচিত এসব মামলায় মোট ১৬ জনকে মৃত্যুদণ্ড এবং ১১ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া অন্য আসামিদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম বলেন, জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের বিচার নিশ্চিত করার যে অঙ্গীকার নিয়ে ট্রাইব্যুনাল পুনর্গঠন করা হয়েছিল, ছয়টি রায়ের মাধ্যমে সেই প্রতিশ্রুতির বড় একটি অংশ বাস্তবায়িত হয়েছে। তিনি জানান, আরও অনেক মামলার বিচার প্রক্রিয়া চলমান রয়েছে এবং সেগুলো গুরুত্বপূর্ণ পর্যায়ে রয়েছে।
শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ড
২০২৫ সালের ১৭ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের দায়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড দেন।
একই মামলায় পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল-মামুন, যিনি পরে রাজসাক্ষী হন, তাকে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়। রায়ে শেখ হাসিনা ও কামালের সম্পদ বাজেয়াপ্ত এবং শহীদ পরিবারের পাশাপাশি আহতদের ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশও দেওয়া হয়।
চানখাঁরপুল হত্যা: তিন পুলিশ কর্মকর্তার মৃত্যুদণ্ড
২০২৬ সালের ২৬ জানুয়ারি রাজধানীর চানখাঁরপুলে ছয়জনকে হত্যার ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান, সাবেক যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী এবং সাবেক অতিরিক্ত উপ-কমিশনার আখতারুল ইসলামকে মৃত্যুদণ্ড দেন।
এছাড়া আরও পাঁচ পুলিশ সদস্যকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়।
আশুলিয়ায় লাশ পোড়ানোর মামলায় ছয়জনের মৃত্যুদণ্ড
২০২৬ সালের ৫ ফেব্রুয়ারি আশুলিয়ায় ছয়জনের মরদেহ পুড়িয়ে ফেলা এবং আরও একজনকে হত্যার ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ সাবেক সংসদ সদস্য মুহাম্মদ সাইফুল ইসলামসহ ছয়জনকে মৃত্যুদণ্ড এবং সাতজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন।
এ মামলায় আরও কয়েকজনকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয় এবং রাজসাক্ষী হওয়া এক আসামিকে ক্ষমা করা হয়।
আবু সাঈদ হত্যা: দুইজনের মৃত্যুদণ্ড
রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ হত্যা মামলায় ২০২৬ সালের ৯ এপ্রিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ দুই পুলিশ সদস্যকে মৃত্যুদণ্ড এবং তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন।
একই সঙ্গে বিশ্ববিদ্যালয় প্রশাসন, পুলিশ ও তৎকালীন ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের মোট ২৫ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়।
রামপুরা হত্যাকাণ্ড: তিনজনের মৃত্যুদণ্ড
রাজধানীর রামপুরায় নির্মাণাধীন ভবনের কার্নিশে ঝুলে থাকা এক তরুণকে গুলি করে হত্যা এবং একই এলাকায় আরও দুইজনকে হত্যার ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ তিন পুলিশ কর্মকর্তাকে মৃত্যুদণ্ড, একজনকে যাবজ্জীবন এবং আরেকজনকে ২০ বছরের কারাদণ্ড দেন।
হাসানুল হক ইনুর ১০ বছরের কারাদণ্ড
জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) সভাপতি হাসানুল হক ইনুকে জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের দায়ে ১০ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।
এছাড়া আদালত তাকে দুটি অভিযোগে এক লাখ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশও দেন।
বিচার কার্যক্রম অব্যাহত
২০২৪ সালের গণঅভ্যুত্থানকে ঘিরে সংঘটিত গুম, হত্যা ও অন্যান্য মানবতাবিরোধী অপরাধের বিচারে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দুটি বেঞ্চে এখনও একাধিক মামলার কার্যক্রম চলছে। সংশ্লিষ্টরা আশা করছেন, পর্যায়ক্রমে এসব মামলারও রায় ঘোষণা করা হবে।
প্রতিবেদকের নাম 




















