সৌদি আরবের জেদ্দা থেকে চট্টগ্রামগামী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে হঠাৎ অসুস্থ হয়ে এক নারী যাত্রীর মৃত্যু হয়েছে। গুরুতর অসুস্থ হয়ে পড়ার পর ফ্লাইটটি ওমানের মাসকট আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করে। পরে বিমানবন্দরের চিকিৎসকরা পরীক্ষা করে ওই যাত্রীকে মৃত ঘোষণা করেন।
বুধবার (২৬ আগস্ট) শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ ইব্রাহীম খলিল এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
বিমানবন্দর কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি-১৩৬ ফ্লাইটটি জেদ্দা থেকে চট্টগ্রামের উদ্দেশে যাত্রা করেছিল। ফ্লাইটটি আকাশে থাকা অবস্থায় ছানোয়ারা বেগম (৫৫) নামে এক নারী যাত্রী গুরুতর অসুস্থ হয়ে পড়েন।
পরিস্থিতি বিবেচনায় যাত্রীটির দ্রুত চিকিৎসার প্রয়োজন হওয়ায় ফ্লাইটটি নিকটবর্তী মাসকট আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করে। বিমানটি অবতরণের পরপরই বিমানবন্দর থেকে চিকিৎসকদের ডেকে আনা হয়।
চিকিৎসকরা ওই নারী যাত্রীকে পরীক্ষা-নিরীক্ষা করার পর মৃত ঘোষণা করেন। তবে কী কারণে তিনি ফ্লাইটের মধ্যে হঠাৎ অসুস্থ হয়ে পড়েছিলেন এবং মৃত্যুর সুনির্দিষ্ট কারণ কী—তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
এদিকে নিহত যাত্রীর মরদেহ দেশে ফিরিয়ে আনতে প্রয়োজনীয় কার্যক্রম শুরু হয়েছে। ওমানে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের সহযোগিতায় মরদেহটি স্বজনদের কাছে হস্তান্তরের প্রক্রিয়া এগিয়ে নেওয়া হচ্ছে বলে জানিয়েছে শাহ আমানত বিমানবন্দর কর্তৃপক্ষ।
অন্যদিকে, মাসকট বিমানবন্দরে জরুরি অবতরণের পর প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করে বিজি-১৩৬ ফ্লাইটটি আবার চট্টগ্রামের উদ্দেশে যাত্রা করে। পরে ফ্লাইটটি চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা জানানো হয়।
প্রতিবেদকের নাম 



















