‘রেহানা মরিয়ম নূর’ নির্মাণ করে আলোচনায় আসা নির্মাতা আবদুল্লাহ মোহাম্মদ সাদ পাঁচ বছর পর নিয়ে আসছেন নতুন সিরিজ ‘অ্যানি’। মুক্তির আগেই আন্তর্জাতিক অঙ্গনে সাফল্য পেয়েছে সিরিজটি। সুইজারল্যান্ডের ৩২তম জেনেভা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ‘ফিউচার ইজ সেনসিবল’ পুরস্কার জিতেছে এটি।
রোববার (৮ নভেম্বর) উৎসবের সমাপনী দিনে পুরস্কার ঘোষণা করা হয়। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে সুখবরটি জানিয়েছেন সিরিজের নামভূমিকায় অভিনয় করা নাজিফা তুষি।
এর আগে গত জুনে সিরিজটির ঘোষণা দেওয়া হয়েছিল। সে সময় জার্মানির বিখ্যাত ‘সেরিয়েনক্যাম্প ফেস্টিভ্যাল’-এও জায়গা করে নিয়েছিল ‘অ্যানি’।
পুরস্কার জয়ের অনুভূতি প্রকাশ করে নাজিফা তুষি বলেন, জেনেভা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ‘ফিউচার ইজ সেনসিবল’ বিভাগটি তাঁর কাছে বিশেষভাবে গুরুত্বপূর্ণ। এই বিভাগে এমন গল্পকে স্বীকৃতি দেওয়া হয়, যেগুলো শুধু বিনোদন দেয় না; বরং মানবিক মূল্যবোধ তুলে ধরে, নানা প্রশ্নের জন্ম দেয় এবং বর্তমান পৃথিবী ও ভবিষ্যৎ নিয়ে ভাবতে শেখায়। এমন একটি বিভাগে ‘অ্যানি’র স্বীকৃতি পাওয়া তাঁর কাছে বিশেষ অনুভূতির।
সিরিজটিতে অভিনয়ের অভিজ্ঞতা নিয়েও কথা বলেছেন তুষি। তাঁর ভাষায়, অ্যানি হয়ে ওঠার অভিজ্ঞতা ভাষায় প্রকাশ করা কঠিন। একটা সময় চরিত্রটিকে আর অভিনয়ের বিষয় বলে মনে হয়নি; বরং মনে হয়েছে, তিনি ধীরে ধীরে একজন মানুষকে চিনে উঠছেন। অ্যানির নীরবতা, আবেগ, দুর্বলতা ও শক্তির দিকগুলো বুঝতে গিয়ে কখনো নিজের কিছু অংশকে পেছনে ফেলতে হয়েছে, আবার চরিত্রটির মধ্য দিয়েই নিজের সম্পর্কে নতুন কিছু আবিষ্কার করেছেন।
তুষি আরও বলেন, অ্যানি তাঁকে এমনভাবে বদলে দিয়েছে, যার প্রভাব তিনি এখনো পুরোপুরি বুঝে উঠতে পারেননি। একজন অভিনেতা হিসেবে চরিত্রের জন্য দেওয়া সময়, ধৈর্য ও আবেগ একদিন দর্শকের হৃদয়েও পৌঁছাবে—এমন প্রত্যাশা থাকে। এই স্বীকৃতি পুরো অভিজ্ঞতাকে আরও সার্থক করেছে।
পুরস্কার জয়ের জন্য উৎসবের জুরি সদস্যদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তুষি। ধন্যবাদ জানিয়েছেন সিরিজের নির্মাতা আবদুল্লাহ মোহাম্মদ সাদসহ সংশ্লিষ্ট সবাইকে।
অ্যানিকে নিয়ে নিজের অনুভূতি জানাতে গিয়ে তিনি বলেন, কিছু চরিত্র কখনোই পুরোপুরি ছেড়ে যায় না। তাঁর বিশ্বাস, অ্যানি অনেক দিন তাঁর সঙ্গে থেকে যাবে।
‘অ্যানি’তে নাজিফা তুষির সঙ্গে আরও অভিনয় করেছেন ইয়াশ রোহান, সাইমন সাদিক, সারিকা সাবরিন ও ফারহানা মিঠুসহ অনেকে। সিরিজটি মুক্তি পাবে আইস্ক্রিনে। তবে মুক্তির তারিখ এখনো ঘোষণা করা হয়নি।
প্রতিবেদকের নাম 























