
ভারতের পাঁচটি রাজ্যের বিধানসভা নির্বাচনের ভোট গণনা চলছে কড়া নিরাপত্তার মধ্যে। স্থানীয় সময় সোমবার (৪ মে) সকাল ৮টা থেকে শুরু হওয়া এই গণনায় শুরুতেই বড় চমক দেখা গেছে তামিলনাড়ুতে।
প্রাথমিক ফলাফলে দক্ষিণী সুপারস্টার থালাপতি বিজয়ের নেতৃত্বাধীন রাজনৈতিক দল তামিলগা ভেট্টি কাজাগাম (টিভিকে) এগিয়ে রয়েছে বলে জানা গেছে। সকাল ১০টা পর্যন্ত পাওয়া প্রবণতায় দলটি প্রায় ৮৫টি আসনে এগিয়ে ছিল, যেখানে ক্ষমতাসীন ডিএমকে পিছিয়ে রয়েছে কিছুটা ব্যবধানে।
শুরুতে দুই দলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের ইঙ্গিত মিললেও সময় গড়ানোর সঙ্গে সঙ্গে টিভিকের অবস্থান শক্তিশালী হতে থাকে। একইসঙ্গে ডিএমকে-ও একাধিক আসনে প্রতিদ্বন্দ্বিতা বজায় রেখেছে।
নির্বাচন পূর্ববর্তী এক্সিট পোলগুলোতে মূলত ডিএমকে-র জয়ের পূর্বাভাস থাকলেও বাস্তব ভোট গণনায় ভিন্ন চিত্র উঠে আসছে। ফলে রাজনৈতিক অঙ্গনে তৈরি হয়েছে বাড়তি উত্তেজনা ও কৌতূহল।
অন্যদিকে পশ্চিমবঙ্গেও চলছে ভোট গণনা, যেখানে বিভিন্ন প্রবণতায় বিজেপি ও তৃণমূলের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা দেখা যাচ্ছে। একই সময়ে আসামেও জোটগত হিসাব-নিকাশে এগিয়ে রয়েছে বিজেপি শিবির।
স্থানীয় সময় দুপুরের পরেই ফলাফলের স্পষ্ট চিত্র পাওয়া যেতে পারে বলে ধারণা করা হচ্ছে, যদিও পুরো গণনা শেষ হতে আরও সময় লাগতে পারে।
প্রতিবেদকের নাম 






















