দক্ষিণ আফ্রিকার বৃহত্তম শহর জোহানেসবার্গে এলোপাতাড়ি গুলিবর্ষণের ঘটনায় অন্তত ১২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৯ জন আহত হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। মঙ্গলবার (৯ জুন) গভীর রাতে শহরের ক্লিভল্যান্ড এলাকার একটি বস্তিতে এ হামলার ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ। পুলিশের প্রাথমিক তথ্য অনুযায়ী, একটি সাদা টয়োটা কোয়ান্টাম গাড়িতে করে ১০ জনের বেশি সন্দেহভাজন ব্যক্তি একটি পেট্রোল স্টেশনের কাছে এসে বস্তি এলাকায় প্রবেশ করে এবং দুটি প্রবেশপথ দিয়ে বিভিন্ন স্থানে অবস্থানরত বাসিন্দাদের লক্ষ্য করে নির্বিচারে গুলিবর্ষণ করে। হামলার পর তারা একই গাড়িতে করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। রাত ১১টা ১০ মিনিটের দিকে গোলাগুলির খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। নিহতদের মধ্যে ঘটনাস্থলেই আটজন পুরুষ ও তিনজন নারী মারা যান। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও একজন পুরুষের মৃত্যু হয়। এছাড়া গুলিবিদ্ধ অন্তত নয়জনকে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। দক্ষিণ আফ্রিকা পুলিশ জানিয়েছে, হামলার উদ্দেশ্য এখনো স্পষ্ট নয় এবং ঘটনার তদন্ত চলছে। সন্দেহভাজনদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। বিশ্লেষকদের মতে, দেশটিতে দীর্ঘদিন ধরে গ্যাং সহিংসতা ও অবৈধ অস্ত্রের বিস্তার জননিরাপত্তার জন্য বড় চ্যালেঞ্জ হয়ে রয়েছে। প্রতিদিন গড়ে প্রায় ৬০ জন মানুষ নিহত হন এবং বস্তি এলাকাগুলোতে এ ধরনের সহিংসতা তুলনামূলক বেশি দেখা যায়।
প্রতিবেদকের নাম 

























