দক্ষিণ কোরিয়ায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াকে নাগরিক সংবর্ধনা দিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা।
রোববার (১৭ মে) স্থানীয় সময় দুপুর ১২টায় খিম্পু শহরের খিম্পু ফরেন সাপোর্ট সেন্টারে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানটি আয়োজন করে এনসিপি ডায়াস্পোরা অ্যালায়েন্সের দক্ষিণ কোরিয়া শাখা।
অনুষ্ঠানে দক্ষিণ কোরিয়ায় অবস্থানরত এনসিপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রবাসী বাংলাদেশিরা অংশ নেন।
বক্তব্যে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া প্রবাসীদের আতিথেয়তা ও সহযোগিতার জন্য কৃতজ্ঞতা জানান। তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানের সময় প্রবাসীরা দেশের আন্দোলন-সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন এবং মুক্তির প্রত্যাশা জাগিয়ে রেখেছিলেন।
তিনি আরও বলেন, ভবিষ্যতে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে এবং আন্তর্জাতিক পরিসরে বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের বার্তা পৌঁছে দিতে কাজ করবে এনসিপি।
অনুষ্ঠানে প্রবাসীরা কোরিয়ায় বাংলাদেশিদের অভিবাসন প্রক্রিয়া সহজ করা, দালালচক্র নিয়ন্ত্রণ, বিমানবন্দরে হয়রানি বন্ধ এবং মরদেহ দেশে পাঠানোর প্রক্রিয়া সহজীকরণের দাবি জানান।
সংবর্ধনা অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এনসিপির যুগ্ম সদস্য সচিব সালেহ উদ্দিন সিফাত, এনসিপি ডায়াস্পোরা অ্যালায়েন্সের দক্ষিণ কোরিয়ার আহ্বায়ক আরিফুর রহমান এবং সদস্য সচিব বাবুল মিয়া প্রমুখ।
প্রতিবেদকের নাম 




















