
বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোনের আট ঘণ্টার কর্মঘণ্টা নিয়ে চলমান বিতর্কে এবার তার পাশে দাঁড়ালেন জনপ্রিয় চলচ্চিত্র নির্মাতা করণ জোহর। তার মতে, কাজের সময় নির্ধারণের স্বাধীনতা শুধু পুরুষ সুপারস্টারদের নয়, নারী তারকাদেরও থাকা উচিত। ব্যক্তিগত জীবন ও পেশাগত দায়িত্বের মধ্যে ভারসাম্য বজায় রাখতে দীপিকার এমন সিদ্ধান্তকে সম্মান জানানো উচিত বলেও মনে করেন তিনি।
সম্প্রতি ‘কফি উইথ করণ’ সিজন ৯-এর আসন্ন একটি পর্বের ঝলক সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ পেয়েছে। সেখানে অতিথি হিসেবে দেখা যাবে বলিউড অভিনেতা অক্ষয় কুমার ও রবি কিষানকে। তাদের সঙ্গে আলোচনার একপর্যায়ে চলচ্চিত্রশিল্পে কাজের সময়সূচি এবং তারকাদের কর্মনিষ্ঠার প্রসঙ্গ উঠে আসে।
অনুষ্ঠানে অক্ষয় কুমারের সময়ানুবর্তিতা ও কাজের প্রতি নিষ্ঠার প্রশংসা করেন করণ জোহর। অক্ষয়ের সঙ্গে প্রথম কাজের অভিজ্ঞতা তুলে ধরে তিনি জানান, অভিনেতা ভোর পাঁচটায়ও মিটিং করেন, চিত্রনাট্য মুখস্থ করেন এবং সবসময় পরিচালকদের সহযোগিতা করেন। এমনকি নতুন পরিচালকদের কাজের সুযোগ দেওয়ার ক্ষেত্রেও অক্ষয়ের ভূমিকার প্রশংসা করেন তিনি।
এরপরই দীপিকা পাড়ুকোনের আট ঘণ্টার শিফট নিয়ে তৈরি হওয়া বিতর্ক প্রসঙ্গে নিজের অবস্থান তুলে ধরেন করণ। তিনি বলেন, দীপিকার সিদ্ধান্তকে তিনি সবসময় সমর্থন করেন। একজন অভিনেত্রী হিসেবে নিজের কাজের সময় নির্ধারণ করার অধিকার তার রয়েছে। দীপিকা অত্যন্ত পরিশ্রমী একজন নারী। একই সঙ্গে তিনি একজন মা, স্ত্রী ও পেশাদার মানুষ। তাই তার ব্যক্তিগত জীবনের বিষয়টিও গুরুত্বের সঙ্গে দেখা উচিত।
করণ আরও বলেন, পুরুষ সুপারস্টারদের মতো নারী সুপারস্টারদেরও কাজের সময়সীমা নির্ধারণের স্বাধীনতা থাকা প্রয়োজন। কাজের ক্ষেত্রে নারী ও পুরুষ তারকাদের মধ্যে আলাদা কোনো নিয়ম থাকা উচিত নয়।
তার মতে, প্রযোজকরাও দীপিকার মতো অভিনেত্রীর সঙ্গে কাজ করতে পছন্দ করেন। শুধু দীপিকা নন, অক্ষয় কুমারও নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ করতে স্বাচ্ছন্দ্যবোধ করেন। সৃজনশীলতার সঙ্গে কোনো আপস না করে নির্দিষ্ট কর্মঘণ্টার মধ্যে কাজ সম্পন্ন করা সম্ভব হলে তা চলচ্চিত্রসংশ্লিষ্ট সবার জন্যই ইতিবাচক।
দীপিকার আট ঘণ্টার শিফট নিয়ে বিতর্কের মধ্যে করণ জোহরের এই মন্তব্য আবারও বলিউডে তারকাদের কর্মঘণ্টা, ব্যক্তিগত স্বাধীনতা এবং কর্মজীবনের ভারসাম্য নিয়ে আলোচনাকে সামনে নিয়ে এসেছে।
সূত্র: মোজো ডেস্ক | ২৬ নভেম্বর ২০২৬
প্রতিবেদকের নাম 
























