
দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ৫১৭ জন শিশুর শরীরে হামের উপসর্গ শনাক্ত হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
রোববার (১৭ মে) স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তি অনুযায়ী, নতুন মৃতদের মধ্যে এক শিশুর নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছিল এবং বাকি পাঁচজনের মৃত্যু হামের উপসর্গ নিয়ে হয়েছে। মৃতদের মধ্যে ঢাকায় ৩ জন, সিলেটে ১ জন, ময়মনসিংহে ১ জন এবং বরিশালে ১ জনের মৃত্যু হয়েছে।
এছাড়া গত ২৪ ঘণ্টায় ২৪৩ জন শিশুর শরীরে হাম শনাক্ত হয়েছে এবং ১ হাজার ২৭৪ জনের মধ্যে হামের উপসর্গ দেখা গেছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গে মোট ৩৮৪ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নিশ্চিত হামে আক্রান্ত হয়ে মারা গেছে ৭৫ শিশু। ফলে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৪৫৯ জনে।
এ সময়ে দেশে মোট ৫৭ হাজার ৮৪৬ শিশুর শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে। এর মধ্যে ৪২ হাজার ৯২ জন হাসপাতালে ভর্তি হয়েছিল, আর ৩৭ হাজার ৭৪৪ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছে বলে জানানো হয়েছে।
স্বাস্থ্য বিশেষজ্ঞরা পরিস্থিতি নিয়ন্ত্রণে টিকাদান কর্মসূচি আরও জোরদার করার ওপর গুরুত্ব দিচ্ছেন।
প্রতিবেদকের নাম 




















