
রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটের মধ্যে প্রস্তাবিত ‘দ্বিতীয় পদ্মা সেতু’ নির্মাণের সম্ভাব্যতা সমীক্ষা পরিচালনার জন্য ৪ কোটি ৫০ লাখ টাকা বরাদ্দ রাখা হয়েছে।
বুধবার (২৪ জুন) জাতীয় সংসদে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এ তথ্য জানান। সংসদ সদস্য নুরুন্নিসা সিদ্দীকার এক প্রশ্নের জবাবে তিনি বলেন, প্রকল্পটি বর্তমান সরকারের নির্বাচনী অঙ্গীকারের অন্যতম গুরুত্বপূর্ণ অবকাঠামো উদ্যোগ।
অর্থমন্ত্রী জানান, সেতু বিভাগের আওতাধীন বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ বর্তমানে সম্ভাব্যতা সমীক্ষা পরিচালনার জন্য পরামর্শক প্রতিষ্ঠান নিয়োগের প্রক্রিয়া সম্পন্ন করছে। ২০২৬-২৭ অর্থবছরের এডিপিতে প্রকল্পটির জন্য সরাসরি বরাদ্দ না থাকলেও সমীক্ষা পরিচালনার জন্য সেতু কর্তৃপক্ষের নিজস্ব বাজেটে ৪ কোটি ৫০ লাখ টাকা সংরক্ষণ করা হয়েছে।
এছাড়া প্রকল্পটিকে এডিপির অননুমোদিত নতুন প্রকল্প তালিকা বা ‘সবুজ পাতা’য় অন্তর্ভুক্ত করার সুপারিশ করা হয়েছে।
সরকারের মতে, দ্বিতীয় পদ্মা সেতু দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সম্ভাব্যতা সমীক্ষা শেষ হওয়ার পর প্রকল্প বাস্তবায়নের বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
প্রতিবেদকের নাম 




















